১০ বছরের মধ্যে ক্যানসার হবে অতীত

এআই প্রধানের প্রত্যাশা

১০ বছরের মধ্যে ক্যানসার হবে অতীত

ফন্ট সাইজ:

ক্যানসার, আলঝেইমার, হৃদরোগ ও মানসিক অসুস্থতা—এসব রোগ আগামী এক দশকেরও কম সময়ে অতীত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডারিও আমোদেই।
ক্লড নামের এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এই প্রধান বলেন, ‘ক্যানসার, আলঝেইমার, হৃদরোগ, মানসিক অসুস্থতা—আমার মনে হয়, এক দশকেরও কম সময়ের মধ্যে এসব অতীতের বিষয় হয়ে যাবে।’
এগুলো কোনো অপরিচিত রোগ নয়। কোটি কোটি পরিবার এসব রোগের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে কয়েকটি রোগ এখনো চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর অন্যতম।

এনিয়ে আমোদেই বলেন, ‘আমরা যদি সঠিকভাবে এগোতে পারি, তাহলে অলৌকিক অগ্রগতির এক যুগ তৈরি করতে পারব। মানবজাতি এমন সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে, যেগুলো হাজার হাজার বছর ধরে আমাদের নাগালের বাইরে ছিল।’
আমোদেই মনে করেন, এআই জীববিজ্ঞানের গবেষণা, ওষুধ আবিষ্কার এবং চিকিৎসাবিজ্ঞানের নতুন উদ্ভাবনের গতি নাটকীয়ভাবে বাড়াতে পারে।
এ ধরনের আশাবাদী পূর্বাভাস শুধু আমোদেই দিচ্ছেন না। ইলন মাস্ক এবং গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিসও একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
হাসাবিসের ধারণা, এআইয়ের সাহায্যে এক দশকের ওষুধ আবিষ্কারের কাজ কয়েক সপ্তাহে নামিয়ে আনা সম্ভব। এর মধ্য দিয়ে হয়তো রোগের অবসান ঘটবে, এমনকি এক দশকের মধ্যে সব রোগের চিকিৎসা আবিষ্কার করা সম্ভব হতে পারে।

এ ক্ষেত্রে তিনি গুগলের এআই গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ডের তৈরি ‘আলফাফোল্ড’-এর সাফল্যের কথা উল্লেখ করেছেন। এই প্রযুক্তির মাধ্যমে ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করা হয়েছে। জীববিজ্ঞানের গবেষণায় এআই কীভাবে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, আলফাফোল্ডকে তার বড় উদাহরণ হিসেবে দেখানো হয়।

ইলন মাস্কেরও দাবি, এআইয়ের অগ্রগতির ফলে একসময় বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে মানের চিকিৎসাসেবা পান, একই মানের চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।
তবে এসব আশাবাদী পূর্বাভাসের সঙ্গে একটি বড় প্রশ্নও রয়েছে। ওষুধ তৈরি ও চিকিৎসা গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত বিশেষজ্ঞ এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এই সময়সীমা নিয়ে ততটা আশাবাদী নন।

বিশেষজ্ঞ ও ওষুধ প্রস্তুতকারীরা এখনো একমত নন
ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এ ধরনের সময়সীমাকে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন।
তিনি জানান, ১০ হাজার ওষুধের যৌগ বিশ্লেষণের কাজে তারা প্রায় ৫০টি এআই প্রতিষ্ঠানের প্রযুক্তি পরীক্ষা করেছেন। কিন্তু কোনো প্রতিষ্ঠানই এককভাবে কার্যকর ওষুধ তৈরি করতে পারেনি।

ওষুধশিল্পের নেতারা বলছেন, কম্পিউটারের মাধ্যমে সম্ভাবনাময় ওষুধের অণু দ্রুত শনাক্ত করা গেলেও তাতে ক্লিনিক্যাল ট্রায়াল, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন কিংবা প্রাণী ও মানুষের ওপর জৈবিক পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বরং ওষুধ উন্নয়নের ১০ থেকে ১২ বছরের দীর্ঘ প্রক্রিয়ার বেশির ভাগ সময়ই এসব পরীক্ষায় ব্যয় হয়।
কম্পিউটারের পর্দায় সম্ভাবনাময় কোনো অণু খুঁজে পাওয়া কেবল শুরু। সেটিকে প্রথমে পরীক্ষাগারে, এরপর প্রাণীর শরীরে এবং শেষ পর্যন্ত মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালে পরীক্ষা করতে হয়। এর মাধ্যমে নিশ্চিত হতে হয়, ওষুধটি নিরাপদ কিনা এবং সত্যিই কাজ করে কিনা।

এআই সম্ভাবনাময় চিকিৎসা খুঁজে বের করার প্রক্রিয়া দ্রুত করতে পারে। কিন্তু এ কারণে পরীক্ষার এসব ধাপ রাতারাতি বিলুপ্ত হয়ে যাবে না।
জ্ঞানীয় বিজ্ঞানী গ্যারি মার্কাস এবং হৃদরোগ বিশেষজ্ঞ ও ডিজিটাল চিকিৎসাবিদ্যার গবেষক এরিক টোপলের মতো সমালোচকেরা বলছেন, বর্তমান এআই মডেলগুলোর মধ্যে জটিল রোগের নিরাময় আবিষ্কারের জন্য প্রয়োজনীয় গভীর কার্যকারণভিত্তিক ও জীববৈজ্ঞানিক উপলব্ধির ঘাটতি রয়েছে।

২০২৬ সাল পর্যন্ত এআইয়ের নকশা করা কোনো ওষুধই পূর্ণাঙ্গভাবে চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের স্বীকৃতি পায়নি।
চিকিৎসাবিজ্ঞানে এমন প্রতিশ্রুতির ইতিহাসও রয়েছে, যেগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়নি। এর অন্যতম উদাহরণ ১৯৭০-এর দশকে শুরু হওয়া ‘ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ’ কর্মসূচি।

বিশেষজ্ঞদের সতর্কতা, বিজ্ঞানের বর্তমান সক্ষমতার তুলনায় অতিরিক্ত উচ্চাভিলাষী পূর্বাভাস সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বাড়িয়ে দিতে পারে।