ইয়েমেনের আরও বিস্তীর্ণ এলাকা দখলে নিতে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। দেশটির অবরুদ্ধ তাইজ শহর এবং সৌদি আরব-সমর্থিত সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেন দখলের লক্ষ্যে নিয়ন্ত্রিত এলাকায় বিপুলসংখ্যক যোদ্ধা ও সামরিক সরঞ্জাম জড়ো করছে তারা। বৃটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুদ্ধের উভয় পক্ষের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, সৌদির সঙ্গে যেকোনো আলোচনার আগে ইয়েমেনের যত বেশি সম্ভব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় হুতিরা। আলোচনার টেবিলে শক্ত অবস্থান নিশ্চিত করতেই এই সামরিক তৎপরতা।
ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ এক মাসেরও বেশি সময় ধরে হুতিদের অবরোধে রয়েছে। শহরটি শক্তভাবে সুরক্ষিত থাকায় এটি দখল করা কঠিন হবে। অন্যদিকে, আরও দক্ষিণে অবস্থিত এডেন শহরের প্রতিরক্ষাব্যবস্থা তুলনামূলক দুর্বল। তাই এটিকে সহজ লক্ষ্য হিসেবে দেখছে বিদ্রোহীরা বলে জানিয়েছে টেলিগ্রাফের সূত্র।
একটি সূত্রের ভাষ্য, হুতিদের আরেকটি লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করা। সে ক্ষেত্রে যত বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, আলোচনায় তাদের অবস্থান তত শক্তিশালী হবে।
ইরানি অস্ত্রের ওপর নির্ভরতা কমেছে
নতুন অভিযান চালিয়ে যেতে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে হুতিরা। আগের তুলনায় ইরান থেকে চোরাই পথে আসা তৈরি অস্ত্রের ওপর তাদের নির্ভরতা অনেক কমেছে। আসন্ন অভিযানে ছোট আকারের ড্রোন ব্যাপক প্রাণহানির কারণ হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।
হুতিদের ব্যবহৃত স্বল্পমূল্যের ফার্স্ট-পারসন-ভিউ (এফপিভি) ড্রোন এখন তাদের সবচেয়ে প্রাণঘাতী ও সহজে প্রতিস্থাপনযোগ্য অস্ত্রে পরিণত হয়েছে। তাইজের মতো সুরক্ষিত শহরের প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করে দিতে এসব ড্রোন কার্যকর ভূমিকা রাখতে পারে।
চীনে তৈরি বিভিন্ন যন্ত্রাংশ চোরাই পথে এনে নিজেরাই ড্রোন সংযোজন করতে পারছে হুতিরা। ফলে ইরানের ওপর অবরোধ থাকলেও তাদের অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ করা কঠিন।
একটি সূত্র জানিয়েছে, ২০২২ সাল থেকে ইরান তাদের অস্ত্র উৎপাদনের প্রযুক্তিগত জ্ঞান হস্তান্তর করেছে। এখন হুতিরা তৈরি অস্ত্রের পরিবর্তে কাঁচামাল ও যন্ত্রাংশ পাচার করে নিয়ে আসে।
আরেকটি সূত্রের দাবি, এসব সরঞ্জামের বড় অংশ আসে চীন থেকে। চীনের উৎপাদনশিল্পের কেন্দ্র গুয়াংজুতে দীর্ঘদিন ধরে বসবাসরত ইয়েমেনি ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে চিপ, ইলেকট্রনিকস ও টেলিযোগাযোগ সরঞ্জামের মতো দ্বৈত ব্যবহারযোগ্য উপাদান কেনা হয়।
বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণও লক্ষ্য
ইয়েমেনের মাটিতে নিয়ন্ত্রণ নিয়ে পরিস্থিতি অবশ্য হুতি বা সরকারের বর্ণনার চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছের ধুবাব এলাকায় সরকার পূর্বাঞ্চলের প্রায় ৩০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, উপকূলীয় পশ্চিমাঞ্চলে নিজেদের অবস্থান ধরে রেখেছে হুতিরা। সমুদ্রপথে সেখানে তাদের রসদ সরবরাহ করা হচ্ছে।
তবে বিদ্রোহীদের বড় লক্ষ্য শুধু স্থলভাগের নিয়ন্ত্রণ নয়, পুরো বাব আল-মান্দেব প্রণালির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।
আরব উপদ্বীপের অপর প্রান্তে অবস্থিত হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণের মতোই বাব আল-মান্দেবকে নিজেদের কৌশলগত শক্তির উৎস হিসেবে গড়ে তুলতে চায় হুতিরা।
রিয়াদে হামলা, সৌদি বাহিনীর সঙ্গে সংঘর্ষ
এদিকে সৌদি আরবের ওপরও হামলা চালিয়েছে হুতিরা। রোববার সৌদি রাজধানী রিয়াদে একটি আকাশচুম্বী ভবনে হুতিদের ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত হানে। সৌদি রাজধানীর আকাশে একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর এর কিছু অংশ রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কার্যালয়ে আঘাত করে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রিয়াদ বিমানবন্দরেও হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। একই সময়ে লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর কাছ থেকে নতুন ভূখণ্ড দখল করছে তারা।
রোববার সকালে ধারণ করা ভিডিওতে রিয়াদের আল-আকিক কমার্শিয়াল টাওয়ার থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ‘ভিলাস ইন দ্য স্কাই’ নামে পরিচিত ভবনটি রাজধানীর একটি পরিচিত স্থাপনা।
মধ্যস্থতার প্রস্তাব ইরানের
হুতিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করলেও ইরান নিজেকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে নয়, বরং সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে তুলে ধরছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডারের উপদেষ্টা মেজর জেনারেল মাজিদ মিরাহমাদি সপ্তাহান্তে বলেছেন, হুতিরা এমন অনেক সাফল্য অর্জন করেছে, যা সৌদি আরবের কাছে ‘অবিশ্বাস্য’। তেহরান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও বারবার দিয়েছে বলে দাবি করেন তিনি।
টেলিগ্রাফের সূত্রগুলো বলেছে, হুতিদের উচ্চাকাঙ্ক্ষা শুধু ইয়েমেনের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এক সূত্রের ভাষায়, ‘হুতিদের উচ্চাকাঙ্ক্ষা ইয়েমেনের সীমানা ছাড়িয়ে গেছে।’ তাদের নিজস্ব বক্তব্যে সৌদি রাষ্ট্রের বিরুদ্ধেও ধর্মীয় ও ভূখণ্ডগত দাবি রয়েছে।
