২০২৫ সালের বসন্তে দীর্ঘদিনের বৈরিতার পর ভারত ও পাকিস্তানের মধ্যে অবশিষ্ট অধিকাংশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যও বন্ধ হয়ে পড়ে।
ওই বছরের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার জন্য নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এতে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে। এরপর পাকিস্তানে প্রবাহিত নদীগুলোর পানি বণ্টন নিয়ন্ত্রণকারী সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত।
এর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়, ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধ করে এবং বাণিজ্য স্থগিত করে।
একই বছরের মে মাসে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জড়িয়ে পড়ে। চার দিনের সংঘাতের অবসান ঘটে ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে। এ যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তবে এর ১৮ মাস পর পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দুই দেশের বাণিজ্য ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে।
পাকিস্তান স্টেট ব্যাংকের (এসবিপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ৬ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে পাকিস্তান। আগের বছরের একই সময়ের তুলনায় এই আমদানি ৬৯ শতাংশ বেশি।
সর্বশেষ পরিসংখ্যানে কী দেখা যাচ্ছে?
পাকিস্তান স্টেট ব্যাংক দেশভিত্তিক আমদানির বিপরীতে পাকিস্তানি ব্যাংকগুলোর করা অর্থ পরিশোধের হিসাব সংরক্ষণ করে। ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় পণ্য আমদানির জন্য অর্থ পরিশোধের পরিমাণ ছিল ৩ কোটি ৬৬ লাখ ডলার।
চার দিনের যুদ্ধের আগে ২০২৫ সালের এপ্রিলে ভারতীয় পণ্যের জন্য মাসিক অর্থ পরিশোধের পরিমাণ ছিল ২ কোটি ডলার। সংঘাতের পর তা জুনে কমে ৯২ লাখ ডলার এবং জুলাইয়ে ৮২ লাখ ডলারে নেমে আসে। তবে সেপ্টেম্বরে তা আবার বেড়ে ১ কোটি ৯৬ লাখ ডলারে দাঁড়ায়।
২০২৫-২৬ অর্থবছরে, যা চলতি বছরের জুনে শেষ হয়েছে, ভারতীয় পণ্য আমদানির জন্য পাকিস্তান মোট ২০ কোটি ৩৮ লাখ ডলার পরিশোধ করেছে। আগের অর্থবছরের তুলনায় এই পরিমাণ ৭ দশমিক ৬ শতাংশ কম।
তবে মাসিক গড় হিসাব বলছে, অর্থ পরিশোধের পরিমাণ প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে। সংঘাতের আগের ১২ মাসে মাসিক গড় অর্থ পরিশোধের পরিমাণ ছিল ১ কোটি ৯৩ লাখ ডলার। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৩ মাসে তা ছিল ১ কোটি ৯১ লাখ ডলার।
পাকিস্তানের সরকারি বাণিজ্য পরিসংখ্যানে পণ্যভিত্তিক আমদানির হিসাব দেয়া হয়েছে। সেখানে সর্বশেষ প্রান্তিকে ভারত থেকে আমদানির মূল্য ৬ কোটি ২৬ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬ কোটি ৬৬ লাখ ডলার।
ভারত থেকে পাকিস্তান কী আমদানি করে?
পাকিস্তানের সরকারি বাণিজ্য তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে আমদানির ৯৬ দশমিক ২ শতাংশ ছিল জৈব রাসায়নিক ও ওষুধজাত পণ্য। আগের অর্থবছরে এই হার ছিল ৯৩ শতাংশ।
আমদানির সবচেয়ে বড় খাত ছিল টিকা, রক্তজাত পণ্য এবং এ ধরনের অন্যান্য সামগ্রী। এসব পণ্যের আমদানি মূল্য ছিল ৯ কোটি ৩৬ লাখ ডলার। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৭ কোটি ৩ লাখ ডলার।
এই শ্রেণির পণ্যের মধ্যে মানুষের ব্যবহারের জন্য টিকা আমদানি বেড়ে ৩ কোটি ২৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১ কোটি ১১ লাখ ডলার।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা খাকান নাজিব বলেন, দাম ও সরবরাহের কারণে ভারতীয় পণ্যের ওপর পাকিস্তানের নির্ভরতা তৈরি হয়েছে।
তিনি আল জাজিরাকে বলেন, ভারত একটি প্রতিযোগিতামূলক ওষুধ শিল্প গড়ে তুলেছে, বিশেষ করে সক্রিয় ওষুধ উপাদান (এপিআই) উৎপাদনে। ওষুধ তৈরির জন্য এসব উপাদান অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি আরও বলেন, “প্রতিযোগিতামূলক দাম, পণ্যের সহজলভ্যতা এবং ভৌগোলিক নৈকট্যের কারণে পাকিস্তানের ওষুধ শিল্প ঐতিহাসিকভাবে এসব উপাদানের কিছু অংশ ভারত থেকে সংগ্রহ করে আসছে।”
নিষেধাজ্ঞার মধ্যেও কীভাবে বাণিজ্য চলছে?
ভারতীয় পণ্যের ওপর পাকিস্তানের নিষেধাজ্ঞা ২০২৫ সালের সংঘাতেরও আগে থেকে কার্যকর। ২০১৯ সালের ৯ আগস্ট, ভারত তাদের নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করার কয়েক দিন পর, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে উৎপন্ন অথবা ভারত থেকে পাঠানো পণ্য আমদানি নিষিদ্ধ করে।
তবে এক মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তান ওই নিষেধাজ্ঞা থেকে পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ড্র্যাপ) দ্বারা নিয়ন্ত্রিত চিকিৎসাসামগ্রীকে অব্যাহতি দেয়।
২০২৫ সালের পেহেলগাম হামলা এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) আরও বিধিনিষেধ আরোপ করে।
২০২৫ সালের ২৪ এপ্রিল এক বিবৃতিতে এনএসসি বলেছিল, পাকিস্তানের মধ্য দিয়ে যেকোনো তৃতীয় দেশ থেকে ভারত পর্যন্ত এবং ভারত থেকে যেকোনো তৃতীয় দেশে সব ধরনের বাণিজ্য অবিলম্বে স্থগিত করা হলো।
তবে পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) সাবেক প্রধান নির্বাহী মুহাম্মদ জুবায়ের মতিওয়ালা বলেন, তৃতীয় দেশের মাধ্যমে কিছু ভারতীয় পণ্য এখনো পাকিস্তানে প্রবেশ করছে।
আল জাজিরাকে তিনি বলেন, ভারতীয় পণ্য আসলে দুবাই, মালয়েশিয়া এবং অন্যান্য দেশ হয়ে আসে। তবে সেগুলো পণ্যের উৎপত্তির দেশ অনুযায়ী হিসাব করা হয়।
অন্যদিকে, খাকান নাজিব এসব পণ্য পাকিস্তানে পৌঁছানোর পথ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে সতর্ক করেছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার মাধ্যমে কিছু পণ্য পাকিস্তানে পৌঁছাতে পারে। তবে সুনির্দিষ্ট পথ ও পরিমাণ জনসমক্ষে প্রতিষ্ঠিত নয়।
নাম প্রকাশ না করার শর্তে ড্র্যাপের এক কর্মকর্তা বলেন, ভারতের সঙ্গে উত্তেজনা থাকা সত্ত্বেও পাকিস্তানের বাণিজ্যিক সিদ্ধান্তের ক্ষেত্রে একটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ—জাতীয় স্বার্থ। তার ভাষায়, জাতীয় স্বার্থে প্রয়োজন হলে পাকিস্তান ভারত থেকে আমদানি করবে।
অন্য দেশ থেকে কি ভারতীয় পণ্য কিনতে পারে পাকিস্তান?
ওষুধ শিল্পের ক্ষেত্রে পাকিস্তানের এই প্রয়োজনীয়তা সবচেয়ে স্পষ্ট। এসবিপির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানের মোট ৬ হাজার ৪৫০ কোটি ডলারের আমদানি ব্যয়ের মাত্র ০ দশমিক ৩ শতাংশ এসেছে ভারত থেকে। পাকিস্তান তার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন থেকে আমদানির জন্য ১ হাজার ৯৫০ কোটি ডলার পরিশোধ করেছে।
তবে ওষুধ শিল্পের চিত্র ভিন্ন। অর্থনৈতিক জটিলতা পর্যবেক্ষণকারী সংস্থা অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী, চার দিনের যুদ্ধের আগে ২০২৪ সালে পাকিস্তানের ওষুধ আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল ভারত। সামান্য ব্যবধানে প্রথম স্থানে ছিল বেলজিয়াম।
মতিওয়ালা বলেন, ভারতীয় সরবরাহকারীদের পরিবর্তে অন্য দেশ থেকে পণ্য সংগ্রহ করলে পাকিস্তানের কিছু ব্যবসার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
তিনি বলেন, আমরা আসলে এই বাণিজ্য আবার চালু করতে চাই। আমাদের কাঁচামাল ভারত থেকে আসে, আবার অন্য জায়গা থেকেও আসে। অন্য দেশ থেকে আমদানি করলে ব্যয় ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে যায়।
দুই দেশের সম্পর্কে কি বরফ গলছে?
মতিওয়ালার মতে, ভারত ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা শিথিলতার আভাস পাওয়া যাচ্ছে। তিনি বলেন, আমার মনে হয় বরফ গলছে। তেমনটাই মনে হচ্ছে। সম্প্রতি জেলেদের মুক্তি দেয়া হয়েছে। দুই দেশের দলের মধ্যে করমর্দনও হয়েছে।
গত ২৯ আগস্ট ভারত ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে জেলেসহ ২৫ জন পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠায়।
গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরে যায় পাকিস্তান। ম্যাচের আগে ও পরে দুই দেশের ফুটবলাররা করমর্দন করেন। অন্যান্য খেলায় সাম্প্রতিক সময়ে দুই দেশের দলগুলো এমন সৌজন্য এড়িয়ে চলার যে প্রবণতা দেখিয়েছে, এটি ছিল তার ব্যতিক্রম।
খাকান নাজিব বলেন, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক উভয়ের জন্যই লাভজনক হতে পারে।
তিনি বলেন, তবে অর্থনৈতিক বিবেচনাকে বিদ্যমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি থেকে আলাদা করা যায় না। পরিস্থিতি অনুকূল হলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ধীরে ধীরে বাণিজ্য পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। শুরুটা হতে পারে এমন খাতগুলো দিয়ে, যেখানে সুস্পষ্ট অর্থনৈতিক ও মানবিক সুবিধা রয়েছে।
