বিমানের রিয়াদগামী সকল ফ্লাইট বন্ধ ৩০ নভেম্বর পর্যন্ত

বিমানের রিয়াদগামী সকল ফ্লাইট বন্ধ ৩০ নভেম্বর পর্যন্ত

ফন্ট সাইজ:

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় উদ্ভূত নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বিমান কর্তৃপক্ষ। এ কারণে সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা নিয়ে আগে ঘোষিত স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর ফলে ঢাকা থেকে রিয়াদ এবং রিয়াদ থেকে ঢাকাগামী বিমানের সব নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে সৌদি আরবের অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।
পূর্বনির্ধারিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে বিমানের ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এদিকে যাত্রীদের টিকিট, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।