পরীক্ষায় ভালো ফল করায় ১৫ বছর বয়সী ছেলেকে প্রায় ১ কোটি ৬২ লাখ রুপি দামের বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার পরাজ গ্রামের এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তালহা অনেক দিন ধরেই বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখছিল। তার বাবা শামসুদ্দিন মিদিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করতে পারলে ছেলের সেই ইচ্ছা পূরণ করবেন।
পরীক্ষার ফল প্রকাশের পর কথা রাখতেই মুম্বাইয়ে যান তিনি। আন্ধেরির একটি শোরুম থেকে কিনে আনেন বিলাসবহুল গাড়িটি।
মুম্বাই থেকে পশ্চিমবঙ্গের পরাজ গ্রামে গাড়িটি আনা হয় বিশেষভাবে তৈরি একটি আবদ্ধ কনটেইনারে করে। গত ৬ নভেম্বর শুক্রবার গাড়িটি গ্রামে পৌঁছালে সেটি দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
ছেলেকে এমন দামি উপহার দেয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ ছেলের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে বাবার এই উদ্যোগের প্রশংসা করছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, একজন কিশোরকে এত দামি গাড়ি উপহার দেয়া কতটা যুক্তিসংগত।
যে গাড়ি পেল নবম শ্রেণির শিক্ষার্থী
বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর তৈরি অন্যতম শক্তিশালী স্পোর্টস কুপ। গাড়িটিতে রয়েছে ৩.০ লিটারের টুইন-টার্বোচার্জড ইনলাইন ছয় সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন। এটি ৫৩০ বিএইচপি ক্ষমতা এবং সর্বোচ্চ ৬৫০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে।
গাড়িটিতে রয়েছে আট গতির স্বয়ংক্রিয় গিয়ারবক্স এবং অল-হুইল ড্রাইভ ব্যবস্থা। বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন এম এক্সড্রাইভ মাত্র ৩.৫ সেকেন্ডে ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার, যা ইলেকট্রনিক পদ্ধতিতে সীমাবদ্ধ রাখা হয়েছে।
গাড়িটির বাহ্যিক নকশায় রয়েছে হলুদ আইকনযুক্ত হেডলাইট, বনেট ও সামনের অংশে কার্বন ফাইবারের ব্যবহার, বিশেষ আয়না-কভার, বড় কিডনি আকৃতির গ্রিল এবং পেছনে ডিফিউজার। ভেতরে রয়েছে বিশেষ এম কার্বন বাকেট সিট এবং বিএমডব্লিউর এম সিরিজের পরিচয়বাহী নানা নকশার উপাদান।
