এক ই-মেইলে তোলপাড় ইতালি, একসঙ্গে খালি ৩০০ স্কুল!

এক ই-মেইলে তোলপাড় ইতালি, একসঙ্গে খালি ৩০০ স্কুল!

ফন্ট সাইজ:

বোমা হামলার হুমকি-সংবলিত ই-মেইল পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দেশটির শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

ইউরোপজুড়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধের’ হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এ ঘটনা ঘটল। এর আগে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, আকাশপথে বিমান চলাচল এবং টেলিভিশন সম্প্রচারকেন্দ্রকে লক্ষ্য করে এ ধরনের হুমকি দেয়া হয়েছে।
ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা টেলিভিশন চ্যানেল লা৭-কে বলেন, এসব হুমকিকে আপাতত ভুয়া বলে মনে করা হচ্ছে। আক্রান্ত স্কুলের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

রোমের একটি স্কুল মেসেজিং অ্যাপের মাধ্যমে অভিভাবকদের জানায়, ‘সারা দেশে বোমা হামলার হুমকির পর আমরা জানাতে চাই, সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তারা শিক্ষকদের তত্ত্বাবধানে রয়েছে।’
ভালদিতারা বলেন, বিপুলসংখ্যক স্কুলে একই ধরনের হুমকি যাওয়ার ঘটনা থেকেই বোঝা যায়, হুমকিটির বিশ্বাসযোগ্যতা কতটা কম।

রয়টার্সের দেখা হুমকির ই-মেইলের একটি অনুলিপি অনুযায়ী, বার্তাটিতে স্বাক্ষর করা হয়েছে ‘মিখাইল আন্দ্রোপভ, ভিলায়াত অব মিসোজিনিস্তানের নেতা’ নামে।
এই একই কথিত ব্যক্তি শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে ই-মেইলে বোমা হামলার হুমকি পাঠানোর দায়ও স্বীকার করেছিলেন।
রোম পুলিশ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ইতালির পুলিশ বাহিনী ঘটনাটি তদন্ত করছে।