গাজীপুরের কালিয়াকৈরে গাড়ির ধাক্কায় উড়ালসেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কোনাবাড়ী থেকে তিনজন একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নাওজোড় হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
