ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করে রাখা বাংলাদেশ নামছে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এ ম্যাচ দিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বে মঞ্চে অভিষেক হচ্ছে দেশের ফুটবলের পোস্টারবয় হামজা দেওয়ান চৌধুরীর। সাফে নিজের অভিষেক ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের আর্মব্যান্ড পড়বেন লেস্টার সিটির এ মিডফিল্ডার। বাফুফের একটি সূত্র নিশ্চিত করেছে তিন পরিবর্তন ও হামজাকে অধিনায়ক করে শুরুর একাদশ সাজিয়েছেন কোচ টমাস ডুলি।
ভুটান ম্যাচে শুরুর একাদশে খেলা জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষ বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে এসেছেন হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও প্রথম ম্যাচে সুপার সাব হওয়া মোহাম্মদ ইব্রাহিম। শ্রীলঙ্কা ম্যাচ শুরু থেকে অ্যাটকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে পারেন ডুলি। টিম ম্যানেজম্যান্ট সূত্রে এখন খবর পাওয়া গেছে। সাফের জন্য অধিনায়কের দায়িত্ব পাওয়া তপু বর্মণ চোটের কারণে ছিটকে গেছেন আগেই। সোহেল রানা কিংবা জামাল ভূঁইয়াও শুরুর একাদশে নেই। যে কারণে হামজার নেতৃত্বে আস্থা রাখছেন ডুলি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।
