১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে সেই  শিক্ষকের মৃত্যুদণ্ড

১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘মাত্র ৯ কার্যদিবসে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাক্ষ্য, নথিপত্র ও ডিএনএ পরীক্ষার প্রমাণের ভিত্তিতে আদালত আসামির সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছেন।’

২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড় বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ সাগর শিক্ষার্থী ওই শিশুটিকে ধর্ষণ করে অভিযোগ ওঠে। পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় নিশ্চিত হয় পরিবার ।

এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। গত ৬ মে র‌্যাব অভিযুক্ত শিক্ষক সাগরকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায়। ডিএনএ পরীক্ষায় আসামি সাগরই শিশুটির জৈবিক পিতা বলে নিশ্চিত হয়। এরই প্রেক্ষিতে পুলিশ আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দায়ের করে।