ক্যানসারের ১৩৭টি ওষুধের বাণিজ্যিক মুনাফার সীমা নির্ধারণ করে দিয়েছে ভারত সরকার। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ওষুধগুলোর দাম গড়ে প্রায় ৬ হাজার রুপি কমেছে। তবে দাম কমার এই সুবিধা সব ওষুধের ক্ষেত্রে সমানভাবে কার্যকর হয়নি। সবচেয়ে দামি পেটেন্ট করা ও একক উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওষুধগুলোর দাম আগের মতোই রয়ে গেছে। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে আরও বলা হয়, ভারতের জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষের (এনপিপিএ) প্রকাশিত সংশোধিত মূল্যতালিকা বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জমা দেয়া তথ্যের ভিত্তিতে ১ হাজার ৩৬৬টি ওষুধের ফর্মুলেশন অর্থাৎ বিভিন্ন মাত্রা, প্যাকেটের আকার ও ব্র্যান্ডের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
১ হাজার ৩৬৬টি ফর্মুলেশনের মধ্যে ২০১টির দাম একটুও কমেনি। আরও ২৫৫টির দাম কমেছে ১০০ রুপিরও কম। অর্থাৎ মোট ৪৫৬টি ওষুধের দাম কার্যত অপরিবর্তিত রয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক ওষুধের দাম কমেছে ১ হাজার থেকে ৫ হাজার রুপির মধ্যে। এ ধরনের ফর্মুলেশন রয়েছে ৪০১টি। আরও ২০৭টির দাম কমেছে ৫ হাজার থেকে ১০ হাজার রুপি এবং ১৪৪টির দাম কমেছে ১০ হাজার থেকে ২০ হাজার রুপি। প্রতি ইউনিটে ৫০ হাজার রুপির বেশি দাম কমেছে আটটি ওষুধের। এর মধ্যে রয়েছে অ্যাস্টেলাস ফার্মার তৈরি প্রোস্টেট ক্যানসারের ওষুধ এনজালুটামাইড। ওষুধটির দাম প্রায় ২ লাখ রুপি কমেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবচেয়ে দামি ওষুধগুলোর দামই সবচেয়ে কম কমেছে।
প্রতি ইউনিটের দাম ১ লাখ রুপির বেশি এমন ৫৭টি ফর্মুলেশনের মধ্যে মাত্র চারটির দাম কমেছে। এর ফলে পেটেন্ট করা ও একক উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওষুধগুলোর দামও অপরিবর্তিত রয়েছে। ভারতে যেসব ওষুধ কেবল একটি প্রতিষ্ঠান বাজারজাত করে, সেগুলোকে একক উৎপাদনকারীর ওষুধ বলা হয়। তথ্য অনুযায়ী, এ ধরনের ৩৯টি ওষুধের অন্তত ৬২টি ফর্মুলেশনের দাম একটুও কমেনি। এসব ওষুধের মধ্যে রয়েছে পেমব্রোলিজুমাব। প্রায় ১৮ ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত এই ওষুধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের আগের এক অনুসন্ধানে দেখা গেছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের রোগী সহায়তা কর্মসূচি থাকা সত্ত্বেও ভারতের অধিকাংশ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে ওষুধটি। এ তালিকায় রয়েছে স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ রিবোসিক্লিব ও অ্যাবেমাসিক্লিবও। এসব ওষুধ আরও সহজলভ্য করার দাবিতে রোগীরা আদালতে আবেদন করেছেন।
বিভিন্ন প্রতিষ্ঠান উৎপাদন করে এমন ক্যানসারের ওষুধের ক্ষেত্রে সরকারের এ উদ্যোগ রোগীদের কিছুটা স্বস্তি দেবে। তবে পেটেন্ট করা নতুন ওষুধ ব্যবহারকারীদের জন্য এতে তেমন কোনো সুবিধা হবে না। দিল্লির কেন্দ্রস্থলে একটি বড় ওষুধের দোকানের মালিক বলেন, বাস্তবতা হলো, ক্যানসারের ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) অযৌক্তিকভাবে বেশি। কখনো কখনো ওষুধের প্রকৃত দামের তুলনায় তা ১০০ গুণ পর্যন্ত বেশি হয়। বাণিজ্যিক মুনাফার যৌক্তিকীকরণ বড় ফার্মেসিগুলোকে খুব বেশি প্রভাবিত করবে না। কারণ তারা এমনিতেই এসব ওষুধের নির্ধারিত এমআরপির চেয়ে অনেক কম দামে বিক্রি করে। তিনি আরও বলেন, তবে সংশোধিত এমআরপির কারণে হাসপাতালের ভেতরের ফার্মেসিসহ সব দোকানকেই কম দামে ওষুধ বিক্রি করতে হবে।
একজন রোগী হাসপাতালে ভর্তি হলে সাধারণত হাসপাতাল চত্বরের ফার্মেসি থেকে ওষুধ কিনতে বলা হয়। এসব ফার্মেসি এমআরপি বা তার কাছাকাছি দামে ওষুধ বিক্রি করতে পারে। রোগীদের তখন আপত্তি জানানোর সুযোগ থাকে না। এমআরপি কমে যাওয়ায় এ ধরনের রোগীরা উপকৃত হবেন।
তবে নতুন প্রজন্মের টার্গেটেড থেরাপির ওষুধ ব্যবহারকারী রোগীরা এই উদ্যোগে খুব বেশি উপকৃত হবেন না। রোগীদের অভিযোগ, চিকিৎসার জন্য তাদের আগের মতোই অর্থ ব্যয় করতে হবে। ওষুধের পেটেন্ট বিষয়ে এক বিশেষজ্ঞ বলেন, বাণিজ্যিক মুনাফা যৌক্তিকীকরণের মাধ্যমে পেটেন্ট করা ওষুধ সাশ্রয়ী করা সম্ভব নয়। দাম কমাতে সরকারকে পেটেন্ট আইনের বাধ্যতামূলক লাইসেন্সিং কিংবা সরকারি ব্যবহারের মতো বিধান প্রয়োগ করতে হবে।
