লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত, আহত ৩

লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত, আহত ৩

ফন্ট সাইজ:

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর একটি গাড়ি উঠে গেছে। এতে অন্তত তিনজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নর্থ হলিউড মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ও দমকল বাহিনী এ তথ্য জানায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, নিহত তিনজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত অন্য দুইজন পথচারী এবং ওই গাড়ির চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তবে চালকের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম কেসিএএল-টিভি জানায়, ল্যাঙ্কারশিম বুলেভার্ড এলাকার একটি বাস স্টপের কাছে খাবারের দোকানে গাড়িটি ধাক্কা দেয়। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক্সে দেয়া এক পোস্টে জানান, হতাহতদের মধ্যে রাস্তার বিক্রেতা এবং পথচারীরা রয়েছেন। তিনি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

পুলিশের একজন মুখপাত্র জানান, ঘটনাটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত হামলা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল জানান, তারা এলাকার ভিডিও পরীক্ষা করে দেখবেন। সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি ছোট এসইউভি গাড়ি ফুটপাতের ওপর উঠে একটি ছাউনিতে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে আছে।