রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় ভারত সক্রিয় ভূমিকা পালন করছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ফন্ট সাইজ:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে নয়াদিল্লির কূটনৈতিক প্রচেষ্টার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ভারত । দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন, উভয় পক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে "সর্বোচ্চ পর্যায়ে" আলোচনা চলছে। আবুধাবিতে যুক্তরাষ্ট্রের-মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরুর আবহে মঙ্গলবার এই তথ্য সামনে এসেছে। ভারত কৃষ্ণসাগরে নৌ-চলাচল, শস্য ও জ্বালানি রপ্তানি এবং "পরস্পরের ওপর আক্রমণ না করার সম্ভাব্য ব্যবস্থা" নিয়ে একটি যুদ্ধবিরতির জন্য জোর দিচ্ছে।
মঙ্গলবার দ্বিসাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নয়াদিল্লি মস্কো ও কিয়েভ, উভয় পক্ষের পাশাপাশি অন্যান্য ‘আগ্রহী পক্ষগুলোর’ সঙ্গে কূটনৈতিক উদ্যোগ নিয়ে কাজ করছে।
জয়সওয়াল বলেছেন, “ইউক্রেনের বিষয়ে আমাদের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা আমি আপনাদের বিস্তারিত জানিয়েছি। আমরা উভয় দেশের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছি। এছাড়া এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গেও কথা বলছি। এই আলোচনাগুলো সর্বোচ্চ পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনা করার ঠিক পরের দিনই এই মন্তব্য এসেছে।
সোমবার (৯ নভেম্বর) জেলেনস্কি কৃষ্ণসাগর দিয়ে খাদ্য করিডোর স্থাপনের বিষয়ে ভারতের সহায়তা চেয়েছেন। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে প্রায় নয় মাস পর যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা পুনরায় আলোচনায় বসেছেন। এদিকে, গত এক মাসের বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, ভারত তিন ধাপের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। ইউক্রেনের মতে, তাদের পাওয়া বিভিন্ন প্রস্তাবের মধ্যে এটিই ছিল সবচেয়ে সামগ্রিক বা পূর্ণাঙ্গ।