মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব জেল থেকে মুক্ত, থাকবেন গৃহবন্দি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব জেল থেকে মুক্ত, থাকবেন গৃহবন্দি

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক কারাগার থেকে বাড়িতে ফিরেছেন। দুর্নীতির দায়ে কারাদণ্ডের বাকি সময় তিনি গৃহবন্দি অবস্থায় কাটাবেন। মঙ্গলবার রাতে একটি এসইউভিতে করে কারাগার থেকে কুয়ালালামপুরের বাসভবনে ফেরেন ৭৩ বছর বয়সী নাজিব। এ সময় ভারী অস্ত্রে সজ্জিত পুলিশের বহর তাকে পাহারা দিয়ে নিয়ে যায়। তার বাড়ির সামনে এ দৃশ্য দেখতে বিপুলসংখ্যক সংবাদমাধ্যমের কর্মী উপস্থিত ছিলেন। দেশটির সার্বভৌম সম্পদ তহবিল থেকে কোটি কোটি ডলার আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চার বছর কারাগারে ছিলেন নাজিব। তার বাড়ি ফেরার মধ্য দিয়ে সেই কারাবাসের অবসান ঘটল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এক দশক আগে প্রকাশ্যে আসা ওয়ানএমডিবি (১এমডিবি) কেলেঙ্কারি নাজিবের সরকারকে ক্ষমতাচ্যুত করে। মালয়েশিয়া থেকে গোল্ডম্যান স্যাকস এবং হলিউডের প্রভাবশালী ব্যক্তিদের পর্যন্ত জড়িয়ে পড়া এই দুর্নীতি কেলেঙ্কারি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। তদন্তকারীদের হিসাব অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন সার্বভৌম সম্পদ তহবিল থেকে ৪৫০ কোটি ডলার (৩৩০ কোটি পাউন্ড) সরিয়ে ব্যক্তিগত মালিকানায় নেয়া হয়েছিল। এই তহবিলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন নাজিব। আত্মসাৎ করা অর্থের মধ্যে ১০০ কোটি ডলারের বেশি নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা পড়ে বলে অভিযোগ করেন সরকারি কৌঁসুলিরা। নাজিবের আইনজীবীরা দাবি করেন, তার উপদেষ্টারা তাকে বিভ্রান্ত করেছিলেন। বিশেষ করে অর্থলগ্নিকারী জো লো তাকে ভুল পথে পরিচালিত করেছিলেন। জো লো নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তিনি এখনো পলাতক।

মঙ্গলবার নাজিবের বাড়ি ফেরার আগে রাজধানীর অভিজাত এলাকায় অবস্থিত তার প্রাসাদতুল্য বাসভবনকে ফেডারেল কারাগার হিসেবে ঘোষণা করা হয়। সমালোচকরা বলছেন, নাজিবকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি করার সিদ্ধান্ত দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে দুর্বল করেছে। মালয়েশিয়ার আইনে গৃহবন্দি থাকার কোনো বিধান নেই উল্লেখ করে তারা এই সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব। তিনি কোনো অন্যায় করার কথা অস্বীকার করলেও পৃথক দুটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।

প্রথম মামলায় ২০২০ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০২২ সালে তাকে কারাগারে পাঠানো হয়। পরে আপিলের মাধ্যমে তার সাজা অর্ধেক কমানো হয়। গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজা তাকে শর্তসাপেক্ষে ক্ষমা করেন। এর ফলে কারাদণ্ডের বাকি দুই বছর তিনি বাড়িতে কাটানোর অনুমতি পান। শুক্রবার তাকে প্রাসাদতুল্য বাসভবনে স্থানান্তরের কথা ছিল। তবে রাজকীয় আদেশের ব্যাখ্যা চেয়ে অ্যাটর্নি জেনারেল আবেদন করার পর তা স্থগিত করা হয়। মঙ্গলবার হাইকোর্ট রায় দেন, গৃহবন্দি থাকার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী, নাজিবের দল ১ কোটি ২০ লাখ ডলার জরিমানা পরিশোধ করেছে। এই শর্ত পূরণের পরই তাকে কারাদণ্ডের বাকি সময় বাড়িতে কাটানোর অনুমতি দেয়া হয়।

ওয়ানএমডিবির সাবেক সহযোগী প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনাল থেকে ৪ কোটি ২০ লাখ মালয়েশীয় রিঙ্গিত নাজিবের ব্যক্তিগত হিসাবে স্থানান্তরের ঘটনায় ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও বিশ্বাসভঙ্গের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এ মামলায়ই তার কারাদণ্ড হয়। ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় মামলায় আরও বড় অঙ্কের অর্থ আত্মসাতের দায়ে নাজিবকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ওই সাজার বিরুদ্ধে তিনি আপিল করছেন। দ্বিতীয় মামলায় মালয়েশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল ওয়ানএমডিবি থেকে প্রায় ২৩০ কোটি মালয়েশীয় রিঙ্গিত আত্মসাতের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হলে নাজিবকে এই ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। তার গৃহবন্দিত্ব ২০২৮ সালের আগস্টে শেষ হওয়ার কথা।