সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের প্রকাশক পরিবর্তন করা হয়েছিল। কিন্তু কেন? তার উত্তর আছে বইটির ভিতরেই। তা পড়লে প্রকাশক পরিবর্তনের কয়েকটি কারণ স্পষ্ট হয়ে ওঠে। ২০২৬ সালের ২৮শে০ আগস্ট প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সাবেক প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস (পিআরএইচ) থেকে হারপারকলিন্সে প্রকাশক পরিবর্তনের কারণ ছিল পিআরএইচের অনুরোধে বইটির কিছু অংশে ‘পরিবর্তন ও বাদ দেয়ার’ বিষয়। পরে পিআরএইচ এক বিবৃতিতে বলে, এ ধরনের ‘আলোচনা’ স্বাভাবিক এবং তারা বইটি প্রকাশ করতে ‘ইচ্ছুক ও আগ্রহী ছিল’। তবে সোনিয়া গান্ধী নিজেই লন্ডনের দ্য গার্ডিয়ানকে প্রকাশপূর্ব এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রকাশনা চুক্তি থেকে সরে এসেছিল পিআরএইচ। তার ভাষায়, সরকারের সমালোচনা নিয়ে সাধারণভাবে অস্বস্তিতে ছিল পিআরএইচ। স্মৃতিকথার বেশির ভাগ দ্বিতীয়ার্ধে নরেন্দ্র মোদি সরকার ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে সোনিয়া গান্ধীর সরাসরি ও বারবার আক্রমণের পাশাপাশি চীনের অনুপ্রবেশ নিয়ে তার উল্লেখও পিআরএইচের সঙ্গে অচলাবস্থা তৈরি এবং শেষ পর্যন্ত সম্পর্কচ্ছেদের কারণ হিসেবে পরিচিত। এ খবর দিয়ে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, স্মৃতিকথার সাতটি অংশের বিভিন্ন জায়গায় মোদি সরকারের সমালোচনা ছড়িয়ে রয়েছে। তিনি লিখেছেন, ‘আমার বিশ্বাস, তাদের পায়ের নিচের মাটি (এখন) সরে গেছে।’ তবে চীনের অনুপ্রবেশ নিয়ে উল্লেখগুলো এসেছে বইয়ের শেষের দিকে।
আরেকটি বিতর্কিত উল্লেখ ছিল ২০১৯ সালের পুলওয়ামা সন্ত্রাসী হামলা নিয়ে। ওই হামলায় ৪০ জন তরুণ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হন। সোনিয়া গান্ধী স্মরণ করেছেন, ‘এটি ছিল এমন এক বিপর্যয়, যা পুরো জাতিকে হতবাক ও স্তম্ভিত করেছিল। সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করে দেয়া একাধিক গোয়েন্দা তথ্য আমলে নিতে ব্যর্থ হয়েছিল মোদি সরকার। সৈন্যদের স্থানান্তরের জন্য অনুরোধ করা নিরাপদ বিমান পরিবহনও রহস্যজনকভাবে সরবরাহ করা হয়নি। আজ পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।’
মোদি ও সোনিয়ার ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি: সমালোচনার পাশাপাশি সোনিয়া গান্ধী স্বীকার করেছেন, নরেন্দ্র মোদি ও তিনি সম্পূর্ণ ভিন্ন আদর্শিক জগৎ এবং ভিন্ন পটভূমি থেকে এসেছেন। দেশ সম্পর্কে মোদির ধারণা তার নিজের ধারণা থেকে অনেক আলাদা। তিনি লিখেছেন, ‘নরেন্দ্র মোদির ভারত সম্পর্কে ধারণা গড়ে উঠেছে আরএসএসের আদর্শ এবং তার নিজের বেড়ে ওঠার অভিজ্ঞতার মধ্য দিয়ে। তিনি তার ভারতের স্বপ্নের জন্য লড়ছিলেন, আর আমি আমার স্বপ্নের জন্য। রাজনীতিতে তার পথ সম্পূর্ণ ভিন্নভাবে নির্ধারিত হয়েছিল আমার পথ থেকে। তবে আমাদের সময়ের শাসক অভিজাতদের প্রতি তার অস্বস্তির কিছু বিষয় আমিও ভালোভাবে বুঝতে পেরেছিলাম’।
উল্লেখযোগ্য পরিসংখ্যান তুলে ধরে সোনিয়া গান্ধী দাবি করেন, এনডিএ সরকার ‘শাসনব্যবস্থা নিয়ে নতুন কোনো ধারণা সামনে আনতে ব্যর্থ হয়েছে। বরং ইউপিএ সরকারের আমলের অন্তত ৩০টি কর্মসূচি গ্রহণ করেছে, তবে সেগুলোর নাম আরও আকর্ষণীয় করে পরিবর্তন করেছে এবং পরিসর উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। এসব কল্যাণমূলক প্রকল্পের কয়েকটি খোদ প্রধানমন্ত্রীই একসময় সমালোচনা করেন।’
তিনি আরও লিখেছেন, সব মিলিয়ে কংগ্রেস ও তার মিত্রদের নির্বাচিত নয়টি রাজ্য সরকারকে ‘অসৎ উপায়ে’ ক্ষমতাচ্যুত করা হয়েছে। এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সোনিয়া লিখেছেন, ‘মোদি সরকার যেভাবে আমাদের নির্বাচিত রাজ্য সরকারগুলোকে কারসাজি করে ও ক্ষমতাচ্যুত করে জনগণের রায়কে উপেক্ষা করেছে, সেই প্রতিটি ঘটনায় আমার হৃদয় ক্ষোভ ও হতাশায় ভরে উঠেছিল।’
আরএসএস ও বিজেপির বিরুদ্ধে প্রচারণার অভিযোগ: স্মৃতিকথার কয়েকটি অধ্যায়ে ভারতীয় রাজনীতিতে নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে আরএসএসের অবস্থানের সমালোচনা করেছেন সোনিয়া গান্ধী। তিনি লিখেছেন, ‘আরএসএসের প্রচারযন্ত্র কয়েক দশক ধরে অতিরিক্ত সক্রিয় রয়েছে এবং মনে হয় কখনো ছুটি নেয় না। বর্তমান সময়েও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে তাদের প্রচার ও বিতরণের গতি ব্যাপকভাবে বেড়েছে। সেখানে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট এবং ডিপফেক দেখা যাচ্ছে, যা তাদের বিদ্বেষপূর্ণ অপপ্রচারকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারে।’ সোনিয়া লিখেছেন, স্বাভাবিকভাবেই তিনি ছিলেন বিজেপির ‘প্রিয়’ লক্ষ্যবস্তু। এরপর তার বিরুদ্ধে চালানো আক্রমণের ধরন বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমাকে বরাবরের মতোই ‘রোম রাজ’ প্রতিষ্ঠা করতে আসা ব্যক্তি হিসেবে তুলে ধরা হতো। আমি একজন ক্যাবারে নৃত্যশিল্পী, একজন “মনিকা লিউনস্কি”, একজন গুপ্তচর (এভাবে উপস্থাপন করা হতো)।’ তার মতে, ২০১৯ সালের নির্বাচনের সময় যখন জনগণের মনোভাব কংগ্রেসের পক্ষে পরিবর্তিত হতে দেখা যাচ্ছিল, তখন বিজেপি প্রচারণার খেলায় দক্ষতা অর্জন করেছিল।
সোনিয়া অভিযোগ করেছেন, ‘ততদিনে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বার্তা ছড়িয়ে দিতে মূলত মানবীয় প্রচারকদের ব্যবহারের পাশাপাশি বিপুল অর্থায়নে একটি সাইবার অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছিল। বটের সাইবার বাহিনী ব্যবহার করে বয়ান নিয়ন্ত্রণ ও ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল। এর পাশাপাশি মূলধারার গণমাধ্যম এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোও তাদের নিয়ন্ত্রণে ছিল।’
নোট বাতিল ও জিএসটি নিয়ে সমালোচনা: স্মৃতিকথায় বর্তমান সরকারের ‘স্বৈরাচারী পদ্ধতি’ হিসেবেও কয়েকটি পদক্ষেপের উল্লেখ করেছেন সোনিয়া গান্ধী। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের নোট বাতিলের সিদ্ধান্ত। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘এই পদক্ষেপের ঘোষিত কোনো লক্ষ্যই পূরণ হয়নি। অথচ এক আঘাতেই এটি বাণিজ্যকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছিল, অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো বন্ধ করে দিয়েছিল এবং লাখ লাখ মানুষকে দুর্ভোগে ঠেলে দিয়েছিল।’ তিনি আরও লিখেছেন, ‘একটি জটিল ও বহুস্তরবিশিষ্ট করব্যবস্থা জিএসটি আরোপের মাধ্যমে তাদের দুর্ভোগ আরও বাড়ানো হয়েছিল। এটি আমাদের অর্থনীতির মেরুদণ্ডকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।’
আরএসএসের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রতিহত হবে বলে বিশ্বাস: স্মৃতিকথার উপসংহারমূলক বিশ্লেষণে সোনিয়া গান্ধী লিখেছেন, আরএসএসের দীর্ঘমেয়াদি আধিপত্য প্রতিষ্ঠা এবং এক ধর্ম, এক ধর্ম ও এক ভাষা চাপিয়ে দেয়ার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে- এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই।
