চীনা লাইভস্ট্রিমারদের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবস্থা নেয়ার আর্জি ভারতের

ফন্ট সাইজ:

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র ও ঘনবসতিপূর্ণ এলাকাকে ভারতের রাজধানী নয়াদিল্লির ছবি বলে সমাজমাধ্যমে প্রচার করার অভিযোগ উঠেছে একাধিক চীনা ভ্লগার ও লাইভস্ট্রিমারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, কোনও দেশের বিকৃত ছবি তুলে ধরার এমন প্রচেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঢাকাকে দিল্লি হিসেবে তুলে ধরার জন্য বিদেশি ব্যক্তিদের ব্যবহার করে বিভ্রান্তিকর বয়ান ছড়ানোর যে অভিযোগ উঠেছে, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। এই ধরনের ঘটনার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
ঢাকার উত্তরা এলাকার সেক্টর ১২ এবং সংলগ্ন টেকপাড়া অঞ্চলে বেশ কিছু চীনা নাগরিককে দীর্ঘদিন ধরে ভিডিও রেকর্ডিং ও লাইভ সম্প্রচার করতে দেখা গেছে। অভিযোগ, ওই এলাকার ঘিঞ্জি রাস্তা, টিনের বাড়ি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি তুলে সেগুলোকে চীনা ডিজিটাল প্ল্যাটফর্মে নয়াদিল্লির দৃশ্য বলে পরিচয় করানো হচ্ছিল। পাশাপাশি ভারতীয়দের জীবনযাত্রা, পরিচ্ছন্নতা ও পরিকাঠামো নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগও উঠেছে। এই ধরনের কর্মকাণ্ডে প্রায় ১৫০ জন চীনা নাগরিকের যুক্ত থাকার কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের লাইভ সম্প্রচারে ঢাকার বিভিন্ন এলাকাকে দিল্লি বলে পরিচয় করানোর অভিযোগ সামনে এসেছে। চীনের ডিজিটাল মাধ্যম ডুয়িন ও উইচ্যাটে এই ধরনের সম্প্রচার করা হচ্ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।
কূটনৈতিক মহলের মতে, সমাজমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর দৃশ্যের মাধ্যমে কোনও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক জনমত গঠনের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে এ ধরনের প্রচার আরও সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারে।