আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ

সংসদে বিরোধী দল

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ

ফন্ট সাইজ:

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল। আইনশৃঙ্খলা 
পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার (১০ই নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তারা এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। আর্মি গল্‌ফ ক্লাব, এসবি’র সদর দপ্তরের সামনে, থানার ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিনদিন এ ধরনের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ ঘটনায় দু’জন আহত হয়েছেন। সীমান্তবর্তী পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে গিয়ে একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। কয়েকদিন আগে সাজেককে কেন্দ্র করেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটছে। সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপরও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন:
নাশকতা

বিরোধীদলীয় নেতা বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নিয়েছে, কাদের গ্রেপ্তার করেছে, তার কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। জনগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এ পরিস্থিতির দায় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, বিজিবি, র‌্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনী রয়েছে। এতগুলো বাহিনী থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে ব্যাখ্যা করতে হবে। অধিবেশনের প্রথম ও দ্বিতীয় দিনেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ততটা তৎপরতা দেখা যাচ্ছে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা দেশে এসে কর্মসূচি করে আবার বিদেশে চলে যাচ্ছেন-এমন পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারের কোনো উপদেষ্টা কখনো বলছেন, ইয়েস, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব। আবার দুইদিন পরে বলছেন, না, এটা অসম্ভব। একই ব্যক্তি দুই ধরনের কথা বলছেন।’ তিনি বলেন, সুনামগঞ্জের একটি ঘটনা নিয়ে সংশ্লিষ্ট উপদেষ্টার বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি আসামিপক্ষের আইনজীবীর মতো আসামিকে রক্ষার চেষ্টা করেছেন। তিনি ফ্যাসিবাদের পক্ষে, নাকি বিপক্ষে-তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি আরও বলেন, সরকারি দলের একজন নির্বাচিত সংসদ সদস্য প্রকাশ্যে বলেছেন, তাদের বিপদের দিনে আওয়ামী লীগ সহযোগিতা করেছে। এ ধরনের বক্তব্যে জাতির কাছে কী বার্তা যাচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। জাতীয় সংকটে অতীতেও সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার নজির রয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার না হলেও জাতীয় সংকটের সময় সবাইকে আমন্ত্রণ জানিয়ে সম্পৃক্ত করেছিল। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।’ সরকারের কাছে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকবো না। কারণ, এই দেশ আমাদের সবার।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনো তাজা, আমাদের চোখের সামনে।’ সেই রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ফ্যাসিবাদকে আর ফিরে আসার সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ফোন করে জামায়াত ছাড়ার পরামর্শ দেয়ার অভিযোগও তিনি তুলে ধরেন। ওই ফোনের নম্বর যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের নির্দেশ দেয়ার এখতিয়ার কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে বিরোধীদলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট বক্তব্য, জবাবদিহি এবং দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ
এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে। বাসে আগুন দেয়া হচ্ছে। আজকে একজনের মারা যাওয়ার খবর আমরা শুনেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপি’র অফিস ভাঙচুর হয়েছে।’

তিনি বলেন, গত সাত মাস ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তারা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা দৃশ্যমান। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ততটা তৎপরতা দেখা যাচ্ছে না। নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা দেশে এসে প্রোগ্রাম করে আবার বিদেশে চলে যাচ্ছেন। তাহলে এই পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে?’ তিনি বলেন, সংসদে তারা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন, অন্তত একটি বিবৃতি দেবেন। কিন্তু অধিবেশনের দ্বিতীয় দিনেও এ বিষয়ে মন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ কী, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতার বিষয়ে সরকারের জবাবদিহি আশা করছি।’
তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা সংসদে স্পষ্ট করা প্রয়োজন।

বিরোধীদলীয় সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ: এদিকে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীদলীয় সংসদীয় সভা। জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিকাল ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ি চুক্তি নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ি প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির প্রহসন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেন। বৈঠকে বিরোধীদলীয় নেতা বলেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।

বৈঠকে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।