জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল স্থানীয় সময় বিকাল ৪টার দিকে আন্তালিয়া বিমানবন্দরে পা রাখেন তিনি। তুরস্কে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে গার্ড অব অনার দেয়া হয়।
সফরের প্রথম কর্মসূচি হিসেবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলের প্রথম তলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তুরস্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ইস্তাম্বুলে অবতরণ করে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রীকে বহনকারী তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। সেখানে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় ইস্তাম্বুল বিমানবন্দরের রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। প্রায় দুই ঘণ্টা বিশ্রামের পর প্রধানমন্ত্রী আন্তালিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। আন্তালিয়ায় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হোটেলে পৌঁছে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর ও শামা ওবায়েদ। আরও আছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যকার বৈঠককে ঢাকা-আঙ্কারা সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে উন্নীত করার ধারাবাহিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সমপ্রসারণের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। কিন্তু গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই নেতার বৈঠক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অন্যদিকে, ১১ই নভেম্বর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন ১২ই নভেম্বর।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এরদোগান-তারেক রহমানের এটি দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে গত ২২শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে তুর্কি হাউসে তাদের প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে এরদোগান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়ার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সমপ্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।
আঙ্কারার সঙ্গে ঢাকার সম্পর্কের সামপ্রতিক গতিপ্রকৃতি বিবেচনায় এবারের বৈঠকটি বিশেষ তাৎপর্য বহন করছে। গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করেন। ওই সময় তিনি দুই দেশের সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত করার উদ্যোগের কথা জানান। একই সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশগ্রহণে যৌথ পরামর্শক কমিটি গঠন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে নিয়মিত আলোচনা চালুর বিষয়ে দুই পক্ষ একমত হয়।
আজ স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় শুরু হবে আন্তালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশন। প্রধানমন্ত্রী এই অধিবেশনে অংশ নেবেন। এ ছাড়া উচ্চপর্যায়ের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এসব কর্মসূচির ফাঁকে ১১ই নভেম্বর চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গেও তার বৈঠকের কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট ও তার স্ত্রীর আয়োজনে নৈশভোজে অংশ নেবেন তিনি।
১২ই নভেম্বর সকাল থেকে সম্মেলনের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচি চলবে। দুপুর ১২টায় প্যারিস চুক্তির দ্বিতীয় দশক নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক রয়েছে। একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাতীয় বিবৃতি উপস্থাপনের কর্মসূচিও রাখা হয়েছে। এদিন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে। ১২ই নভেম্বর ঢাকার উদ্দেশ্যে তুরস্ক ছাড়ার কথা তারেক রহমানের।
