ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ। তার মতে, হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘ফাঁকা বুলি’। যার মাধ্যমে দেশে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে চাইছেন হাসিনা। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক মন্তব্যে এসব কথা বলেন ড্যানিলোভিচ।
তার ভাষ্য, ‘ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই। আমার মতে, এটি পুরোটাই একটি ফাঁকা বুলি। এর উদ্দেশ্য তার সমর্থকদের উজ্জীবিত করা এবং দেশের অভ্যন্তরে ক্রমেই প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলার বিষয়টি নিয়ে আলোচনার গতিপথ বদলে দেয়া।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ পাঠানোর পর তার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ড্যানিলোভিচের বক্তব্য অনুযায়ী, এই উদ্যোগকে দেশে ফেরার বাস্তব প্রস্তুতি হিসেবে দেখার সুযোগ কম। তার মূল্যায়নে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই মুখ্য।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে নয়াদিল্লিতে হাসিনার অব্যাহত অবস্থান ভারতের জন্য কূটনৈতিক ক্ষতির কারণ হচ্ছে বলেও মনে করেন সাবেক এই মার্কিন কূটনীতিক।
তিনি বলেন, ভারতের কেউ কেউ এখনো মনে করতে পারেন, হাসিনা ও তার দল দেশটির জন্য প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। তবে এতদিনে নরেন্দ্র মোদি সরকারের বুঝে যাওয়ার কথা যে, নয়াদিল্লিতে হাসিনার অব্যাহত উপস্থিতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।
ড্যানিলোভিচ আরও বলেন, আমি নিশ্চিত, মোদি সরকার হাসিনা-সংক্রান্ত সমস্যার অবসান চাইবে। এর মধ্যে হাসিনার তৃতীয় কোনো দেশে গিয়ে বসবাসের বিষয়টিও থাকতে পারে।
