সড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ

সড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ায় আবারো শ্রমিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ব্ল্যাকলিস্টিং বন্ধ, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল এবং গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। এ সময় কয়েকটি স্থানে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে অন্তত দুই শ্রমিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। এনভয় গ্রুপ, হলিউড, দ্য রোজ ও হা-মীম গ্রুপের নেক্সট কালেকশন সহ বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও উৎপাদন কার্যক্রমে অংশ নেননি।

এদিকে, নরসিংহপুর এলাকার নিউএইজ কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। তারা কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। একই সময়ে শিল্পাঞ্চলের আরও কয়েকটি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের কারখানাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষে আহত দুই শ্রমিক হলেন- স্টার্লিং স্টাইলস লিমিটেডের সুইং অপারেটর রাজিয়া বেগম (৪০) এবং একই কারখানার ফিনিশিং বিভাগের অপারেটর আলমগীর হোসেন (৩০)। তাদের আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেয়া হয়। হাসপাতালটির ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, আহত দু’জনের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজিয়া বেগমের মাথায় আঘাত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম দিকে ২০ থেকে ৪১টি কারখানায় ছুটি ঘোষণার খবর পাওয়া গেলেও দুপুর ১টার পর হা-মীম গ্রুপের কারখানাগুলোতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ছুটির সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে- এনভয় গ্রুপ, স্টার্লিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস লিমিটেড, সি.এস.এল. নিট কম্পোজিট, স্টার্লিং অ্যাপারেলস, এএম ডিজাইন লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, নেক্সট কালেকশন, ভার্চ্যুয়াল বটমস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, স্টার্লিং স্টাইলস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, সিনসিন অ্যাপারেলস লিমিটেড, সাদ ফ্যাশন লিমিটেড ও রেজা ফ্যাশন লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, নরসিংহপুরের নিউএইজ কারখানার শ্রমিকরা সকালে কাজে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা প্রতিবাদ শুরু করেন। তাদের বিক্ষোভের প্রভাবে আশপাশের কারখানাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। শ্রমিকরা বাড়ি ফেরার সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে বলে অভিযোগ করেন তিনি।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে। রাবার বুলেট বা শর্টগান ব্যবহার করা হয়নি।