চট্টগ্রাম জুড়ে রাতভর নাশকতার আতঙ্ক, বাস-ট্রাকে আগুন

চট্টগ্রাম জুড়ে রাতভর নাশকতার আতঙ্ক, বাস-ট্রাকে আগুন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম জুড়ে রাতভর অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। একই সময়ে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরের খুলশী, আকবর শাহসহ হাটহাজারী, আনোয়ারা, কর্ণফুলী, ফটিকছড়ি ও পটিয়ার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

এসব ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে দু’টি পেট্রোল বোমাসহ আটক করেছে পুলিশ। অন্যদিকে রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে আটক ও গ্রেপ্তারের সংখ্যা আট। মঙ্গলবার ভোররাতে নগরের আকবর শাহ থানার সিটি গেটের মনসুরাবাদ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অটোরিকশায় করে এসে তারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। একই রাতে খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আনোয়ারার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের কিছু নথিপত্র পুড়ে গেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের পর ব্যাংকের নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
অপরদিকে হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দু’টি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে দু’টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, বাস ভাঙচুরের সময় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এসব কর্মকাণ্ড চালানোর কথা জানিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে টায়ার জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে ১৫ থেকে ২০ জন সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দু’টি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফটিকছড়ি ও পটিয়ায় রাতের আঁধারে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। ফটিকছড়িতে তালাবদ্ধ চারটি প্রতিষ্ঠান হলো ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ফটকে শিকল দিয়ে তালা লাগাচ্ছেন। পাশাপাশি ফটকে ধর্মঘটের পোস্টার সাঁটানো হচ্ছে।
উপজেলার আমতলী, জাফতনগর, নাজিরহাট, পাইন্দং ও কাঞ্চননগরসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের তৎপরতার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে পাইন্দংয়ের আমতলী এবং গহিরা-ফটিকছড়ি সড়কের লেলাং চাড়ালিয়াহাট মোড়েও বিক্ষোভ মিছিল হয়। এ ছাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাফরাজ খান মিরাজের নেতৃত্বে বিক্ষোভ এবং ছাত্রলীগকর্মী আজগর পারভেজের নেতৃত্বে ভূজপুর-কাজিরহাট সড়কে টায়ার জ্বালানোর খবর পাওয়া গেছে। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেয়ার বিষয়টি তার জানা নেই। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে পটিয়ায় তালা লাগানো চারটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ছালেহ নুর ডিগ্রি কলেজ ও জিরি খলিল মীর ডিগ্রি কলেজ। মঙ্গলবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে ফটকে তালা দেখতে পান। তবে পরে তালা খুলে দেয়া হয় বলে জানিয়েছে খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক এনাম উল্লাহ বলেন, সোমবার দিবাগত রাতে কে বা কারা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। রাত সাড়ে ৩টার দিকে তারাই তালা খুলে নেয়। বর্তমানে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা লাগানোর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এর সত্যতা পাওয়া যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান স্বাভাবিক রয়েছে।
রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নঈমুল হক চৌধুরী (৩২), চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন কান্তি গুহ (৫৫), উপজেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মোনাফ (৫৮), চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক মো. ফারুক (৪৭) এবং লালানগর ইউনিয়ন যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান (৪২)।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নঈমুল হক চৌধুরীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় তিনটি এবং রিপন কান্তি গুহের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে। পরে ২০২৪ সালের ৩০শে আগস্ট, একই বছরের ১৯শে সেপ্টেম্বর ও ২০২৫ সালের ২২শে জানুয়ারির তিনটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। নাশকতা প্রতিরোধে সোমবার গভীর রাত থেকে নগরের বিভিন্ন এলাকায় পাহারা দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।
জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় লাঠি হাতে তাদের পাহারা দিতে দেখা যায়। রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মহড়া দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও মোটরসাইকেল মহড়া দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট মোড় থেকে মোটরসাইকেল র‌্যালি বের করে জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র‌্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

এদিকে নগরের বহদ্দারহাট, জিইসি, টাইগারপাস, নিউমার্কেট, চকবাজার, লালখান বাজার, অলংকার, একে খান, বন্দর থানা ও ইপিজেডসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে গত রোববার মধ্যরাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও হতাহতের খবর পাওয়া যায়নি।

সিএমপি’র সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল বাড়ানো হয়েছে।