নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সহায়তা দেয়া হচ্ছে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয়তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ ৭৯ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৬৩ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গণমাধ্যমকে ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ভর্তি ৬৩ শিক্ষার্থীর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে। আইসিইউতে থাকা শিক্ষার্থীদের মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮) রয়েছেন। অপর শিক্ষার্থীর নাম আজিজুল ইসলাম সিয়াম (১৪) বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে দ্রুত পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় ভবন থেকে বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ধোঁয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় একটি লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের বিভিন্ন বই পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অসুস্থ শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, আগুনের কারণে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। রাতে প্রথমে ছয়জন শিক্ষার্থী ধোঁয়ায় অসুস্থ হন। পরে সকালে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়। এ ছাড়া আতঙ্কিত হয়ে পড়েন অনেক শিক্ষার্থী।
অন্যদিকে, মাদ্রাসাটির শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানিয়েছেন, আগুনের সূত্রপাতের স্থানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুনের ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। ভবনে একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা বের হওয়ার সুযোগ পান। এ ঘটনায় মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ফতুল্লায় মাদ্রাসায় আগুনের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি: নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসাটি পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, ফতুল্লা মডেল থানার একজন পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি। অতিরিক্ত জেলা প্রশাসক আলী নুর খান বলেন, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণগুলো শনাক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা পাওয়া গেছে।
তিনি বলেন, আগুনের সূত্রপাত হওয়া কক্ষটি ইন্টেরিয়র ডিজাইন করা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভবনের অন্যান্য তলার শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে কয়েকজন আহত হয়।
এর আগে সোমবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ভবনের লাইব্রেরি ও অফিসকক্ষ পুড়ে যায়।
