দুদকে ফিরলেন সেই শরীফ উদ্দিন

দুদকে ফিরলেন সেই শরীফ উদ্দিন

ফন্ট সাইজ:

প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চাকরি ফিরে পেয়েছেন। মঙ্গলবার দুদকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এরই মধ্যে ঢাকায় কর্মস্থলে যোগ দিয়েছেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তার চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করেছে দুদক। বিধি অনুযায়ী, তিনি জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ সব প্রাপ্য সুবিধা পাবেন। চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে মো. শরীফ উদ্দিন দৈনিক মানবজমিনকে বলেন, মঙ্গলবার তিনি ঢাকায় কর্মস্থলে যোগ দিয়েছেন। নতুন উদ্যমে দায়িত্ব পালন করতে চান তিনি। এজন্য সবার সহযোগিতাও কামনা করেন।

২০২২ সালের ১৬ই ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালন করেন। সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। এ কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন এই কর্মকর্তা।

শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার ঘটনায় সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এমনকি সিদ্ধান্তের প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছিল। চাকরি হারানোর পর একপর্যায়ে তাকে ভাইয়ের দোকানে কাজ করতে হয়।
চাকরিচ্যুতির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ই মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। তার অভিযোগ ছিল, কোনো ধরনের কারণ দর্শানোর সুযোগ না দিয়েই দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৬ই ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। পরে চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ই জুলাই দেয়া রায়ে শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল ঘোষণা করেন আদালত। একইসঙ্গে তাকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয়া হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছর লিভ টু আপিল করে দুদক। তবে পরবর্তী সময়ে সেই আবেদন প্রত্যাহারের আবেদন জানায় সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ই অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত লিভ টু আপিলটি ‘নট টু প্রসিড’ হিসেবে খারিজ করে দেন। ফলে শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে আইনি বাধা আর থাকেনি।