মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব কংগ্রেসে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব কংগ্রেসে

ফন্ট সাইজ:

ইরান যুদ্ধ নিয়ে এবার বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাকে অভিশংসনের (ইমপিচমেন্ট) প্রস্তাব তুলেছেন রিপাবলিকান দলেরই এক কংগ্রেসম্যান। অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আইন লঙ্ঘন করেছেন হেগসেথ।
স্থানীয় সময় সোমবার বিকেলে প্রতিনিধি পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছেন তিনি।
ম্যাসির প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে এটি বিবেচনার জন্য প্রতিনিধি পরিষদের সামনে ৪৮ ঘণ্টার সময়সীমা শুরু হয়েছে। এ সময়ের মধ্যে সদস্যরা প্রস্তাবটির ওপর সরাসরি ভোট দিতে পারবেন, কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারবেন কিংবা এটি বাতিল করে দিতে পারবেন।

তবে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। কারণ, কোনো মন্ত্রিসভার সদস্যকে অভিশংসন করে পদ থেকে সরানোর নজির অত্যন্ত বিরল। এ ছাড়া এ ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন।
বর্তমানে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে।
প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব পাস করতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ডেমোক্রেট সদস্যরা সবাই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও তা পাস করাতে রিপাবলিকান দলের কিছু সদস্যের সমর্থন লাগতে পারে। কারণ, প্রতিনিধি পরিষদে দলটির সংখ্যাগরিষ্ঠতা খুবই সামান্য। বর্তমানে সেখানে রিপাবলিকানদের ২১৮টি এবং ডেমোক্রেটদের ২১৪টি আসন রয়েছে।

অন্যদিকে সিনেটে কোনো কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে পদ থেকে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ বা ৬৭টি ভোট প্রয়োজন। বর্তমান রাজনৈতিক সমীকরণে এই সমর্থন পাওয়া অত্যন্ত কঠিন।
এদিকে হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সম্ভাব্য অভিশংসন নিয়ে নিজেও উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুজন মন্ত্রিসভার সদস্য অভিশংসিত হয়েছেন। আর অভিশংসনের মুখে পড়েছেন তিনজন প্রেসিডেন্টÑঅ্যান্ড্রু জনসন, বিল ক্লিনটন ও ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প অবশ্য দুই দফায় অভিশংসিত হয়েছিলেন। তবে সিনেটে কেউই দোষী সাব্যস্ত হননি। ফলে তারা কেউই অভিশংসনের মাধ্যমে পদ হারাননি।