বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট চেয়েছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার দুই বছরেরও বেশি সময় পর তার এই উদ্যোগ নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি করেছে।
৭৯ বছর বয়সী শেখ হাসিনাকে গত বছর মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের জন্য তাকে এই সাজা দেয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা।
দেশে ফিরলে তার ফাঁসির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, তার উত্তরসূরি সরকার এখনো তার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কঠোর অবস্থানে রয়েছে।
ইতোমধ্যে হাসিনার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে ঢাকা। বাংলাদেশের সরকার বলেছে, দেশে ফেরার বিষয়ে তিনি সত্যিই আন্তরিক হলে ভারত থেকে প্রত্যর্পণের আবেদন করতে পারেন।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আল জাজিরাকে বলেন, ‘হাজার হাজার মানুষ হত্যার পর পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বাংলাদেশ পাসপোর্ট দেয় না। ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সন্ত্রাসী হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশ কাজ করবে।’
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, দেশে ফিরলে হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তিনি সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনার সামনে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’
কিন্তু বিদ্যমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়ার পরও কেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন হাসিনা? আগামী মাসে দেশে ফেরার ঘোষণা দিয়ে তিনি আসলে কী রাজনৈতিক কৌশল নিয়েছেন?
‘নিজের পরিণতি তিনি জানেন’
প্রায় ২০ বছর কঠোর হাতে বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের একটি অংশের মানুষের সমর্থন রয়েছে তার প্রতি। অন্যদিকে, অনেকেই তার ফাঁসি দেখতে চান।
তার দেশে ফেরা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী, ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেই ঘটনার দুই বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।
তবে বিশ্লেষকেরা প্রশ্ন তুলছেন, হাসিনা সত্যিই আইনের মুখোমুখি হতে দেশে ফিরতে চান, নাকি ভারতে স্বেচ্ছানির্বাসনে থেকেই নিজের রাজনৈতিক অবস্থান পুনরুজ্জীবিত করতে ফেরার প্রতিশ্রুতিকে ব্যবহার করছেন?
ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মতে, হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি শিগগির দেশে ফেরার পরিকল্পনার চেয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার প্রচেষ্টা বেশি। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখাও তার উদ্দেশ্য।
তিনি বলেন, ‘আমার মনে হয়, নিজের পরিণতি তিনি জানেন। কিন্তু তিনি চান আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন।’
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার যতটুকু ধারণা, কোনো অবস্থাতেই তিনি দলের নেতৃত্ব অন্য কারও হাতে তুলে দিতে চান না। আমার মনে হয়, এটিই তার এবং দলের জন্য বড় সমস্যা। অন্যথায় দলটি টিকে থাকার কোনো পথ খুঁজে বের করার চেষ্টা করতে পারত।’
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একসময় উপমিশনপ্রধানের দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ আরও স্পষ্টভাবে বলেছেন, ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।
তিনি আলজাজিরাকে বলেন, ‘ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা শূন্য। আমার দৃষ্টিতে, এটি তার সমর্থকদের একত্রিত করা এবং দেশের ভেতরে ক্রমশ রাজনৈতিক গুরুত্ব হারানোর বিষয়টি থেকে আলোচনার গতিপথ সরিয়ে দেয়ার একটি কৌশল।’
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানও মনে করেন, হাসিনার এই ঘোষণা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙা করার চেষ্টা। দলটির অনেক নেতা কারাগারে, বাকিদের অনেকে নির্বাসনে রয়েছেন।
তিনি বলেন, ‘এই ঘোষণা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখছে এবং দেশের ভেতরে মানুষের মনোভাব বোঝার সুযোগ দিচ্ছে। তবে বাস্তবে তার দেশে ফেরা কল্পনাতীত। কারণ, দেশে ফিরলে তাকে ফাঁসির মুখোমুখি হতে হবে, অথবা বাকি জীবন কারাগারে কাটাতে হবে।’
বিশ্লেষকেরা হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করলেও তার ঘোষণায় আওয়ামী লীগের কিছু নেতা ও সমর্থকের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।
ভারতে নির্বাসনে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে বলেন, ‘আমাদের নেত্রী ফিরবেন। এর আগেও তাকে থামানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা পারেনি। এবারও তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু তিনি এসব ষড়যন্ত্র মোকাবিলা করে ফিরবেন।’
হাসিনা কীভাবে ফিরবেন এবং তাকে ফিরিয়ে আনতে দল কী পদক্ষেপ নিচ্ছেÑএমন প্রশ্নে আওয়ামী লীগের অনেক নেতা ও সমর্থকই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা জানাতে পারেননি।
তবে ঢাকাভিত্তিক আওয়ামী লীগকর্মী ও দলটির ছাত্রসংগঠনের সাবেক নেতা আরমান রহমান আল জাজিরাকে বলেন, ‘তিনি ঘোষণা দিয়েছেন যে ফিরবেন। আমি বিশ্বাস করি, যেকোনো পরিস্থিতিতেই ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন।’
হাসিনার ভবিষ্যৎ নিয়ে ভারতের হিসাব-নিকাশ
হাসিনার ভবিষ্যৎ ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব-নিকাশের সঙ্গেও জড়িয়ে রয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে ভারত হাসিনার ঘনিষ্ঠ মিত্র। ২০২৪ সালের আগস্টে ঢাকা ছেড়ে পালানোর পর থেকে দিল্লিতে তাকে আশ্রয় দিয়ে আসছে দেশটি। কিন্তু হাসিনার ভারতে অবস্থান এখন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিরোধের অন্যতম কারণ হয়ে উঠেছে।
দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চেয়ে বারবার আবেদন করেছে ঢাকা। ভারত বলেছে, এসব আবেদন পর্যালোচনা করা হচ্ছে। গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ‘গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে’ চায়।
এদিকে, দুই দেশই দীর্ঘদিনের টানাপড়েন কাটিয়ে সম্পর্ক মেরামতের আগ্রহ দেখিয়েছে।
নয়াদিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত আল জাজিরাকে বলেন, ভারত হাসিনাকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে দেখে। একই সঙ্গে ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তার ভারতে অবস্থানের বিষয়টি আলাদা করে বিবেচনা করতে চায়।
তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতের অত্যন্ত ভালো বন্ধু। দিল্লি তাকে এমন একজন বন্ধু হিসেবে দেখে, যাকে তারা সব সময় সমর্থন করবে। এটাই আমাদের আনুষ্ঠানিক অবস্থান।’
সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচের মতে, হাসিনাকে আশ্রয় দেয়ার কারণে ভারতের কূটনৈতিক মূল্য দিতে হচ্ছে-এ বিষয়টি দিল্লি ক্রমশ উপলব্ধি করছে। তবে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারত তাকে সহায়তা করবে, এমন সম্ভাবনা কম।
তিনি বলেন, ‘ভারতের কেউ কেউ এখনো মনে করতে পারেন, হাসিনা ও তার দল দেশটির জন্য রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করে। কিন্তু মোদি সরকারের এখন বুঝতে পারার কথা যে, দিল্লিতে হাসিনার অব্যাহত অবস্থান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।’
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত, মোদি সরকার হাসিনা সমস্যার অবসান দেখতে চায়। এর মধ্যে হাসিনার তৃতীয় কোনো দেশে গিয়ে বসবাসের বিষয়টিও রয়েছে।’
তবে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের জিল্লুর রহমান ভারতের অবস্থান নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, ‘আমার মনে হয়, ভারত তার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে রয়েছে। কিন্তু একই সঙ্গে তাকে ছেড়েও দিতে পারছে না।’ তার ব্যাখ্যা, ‘ভারত যদি এখন তাকে সুরক্ষা দেয়ার দায়িত্ব থেকে সরে আসে, তাহলে দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলে ভারতের মিত্ররা দেশটির ওপর আস্থা হারাতে পারে। তারা মনে করতে পারে, যারা ভারতের পাশে দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত ভারত তাদের সুরক্ষা দেয় না।’
জিল্লুর রহমান মনে করেন, ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে যেতে পারে। তবে বাংলাদেশে তার রাজনৈতিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করার সম্ভাবনা কম।
তিনি বলেন, ‘আমার মনে হয় না ভারত তাকে পরিত্যাগ করবে। তবে একই সঙ্গে তাকে সব ধরনের রাজনৈতিক সুরক্ষাও দেবে না। বিশেষ করে বাংলাদেশে ফিরিয়ে এনে এখানে তার রাজনৈতিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করবে বলে মনে হয় না।’
অধ্যাপক শ্রীরাধা দত্তও মনে করেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক শিগগির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘আমার মনে হয় না, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুব শিগগির স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
বিএনপির সঙ্গে কি কোনো সমঝোতা সম্ভব?
অনেকের প্রশ্ন, হাসিনা কি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারেন? বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রয়েছে বিএনপি। তিনি হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রয়াত খালেদা জিয়ার ছেলে। এক বছর আগে মারা গেছেন খালেদা জিয়া। হাসিনার শাসনামলে তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন।
তবে বিশ্লেষকেরা এ ধরনের সমঝোতার সম্ভাবনা খুব কম বলে মনে করছেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ফয়েজ সোবহান এমন উদ্যোগকে শুরুতেই ব্যর্থ হওয়ার মতো প্রস্তাব হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপির লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মীরা ১৬ বছরের বেশি সময় কারাবন্দি, হয়রানি ও রাজনৈতিকভাবে কোণঠাসা ছিলেন। এখন আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতার ইঙ্গিতকেও তারা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখবেন।’
সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দেন।
ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘তিনি যদি মনে করেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবেন এবং নিজের সিংহাসন পুনরুদ্ধার করবেন, তাহলে তিনি নিজেকেই বিভ্রান্ত করছেন।’
ফয়েজ সোবহানের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেয়ার সুযোগ বিএনপি সরকারের খুবই সীমিত। তিনি বলেন, ‘দেশকে স্থিতিশীল করতে বৃহত্তর কোনো রাজনৈতিক সমঝোতা হবে, তা কল্পনা করা কঠিন। জবাবদিহি বা ক্ষমা প্রার্থনা ছাড়া পুনর্মিলন আরও কঠিন।’
ঢাকার হাতে প্রত্যর্পণই একমাত্র আনুষ্ঠানিক পথ উল্লেখ করে তিনি বলেন, ‘আর এর অর্থ হলো তাকে টেনে দেশে ফিরিয়ে আনা, নিজের ইচ্ছায় ফিরে আসা নয়।’
