ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। এ সময় সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওই স্থাপনা পরিদর্শনের ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভিকে ভূগর্ভস্থ স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখতে দেখা যায়।
তবে স্থাপনাটির অবস্থান প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এমনকি কর্মকর্তারা কবে সেখানে পরিদর্শনে গিয়েছিলেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
পরিদর্শনের সময় আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর নতুন করে হামলা হলে দেশটি মধ্যপ্রাচ্যের বাইরেও পাল্টা আক্রমণ চালাতে পারে।
তিনি বলেন, ‘শত্রুপক্ষ যদি আমাদের বিরুদ্ধে আবার কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমাদের জবাব এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।’
এর আগে শনিবার বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেইন মোহেবি নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচনের ঘোষণা দেন।
মোহেবি জানান, বিমান হামলা থেকে সুরক্ষা দিতে এবং যুদ্ধের সময় উৎপাদন কার্যক্রম সচল রাখতে ক্ষেপণাস্ত্র উৎপাদনের কিছু অংশ ভূগর্ভে সরিয়ে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত তীব্র হলে আগে প্রকাশ্যে না আনা নতুন অস্ত্র মোতায়েনেরও হুঁশিয়ারি দেন তিনি।
চলতি মাসের শুরুতে কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। এমন পরিস্থিতির মধ্যেই নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচনের ঘোষণা দিল তেহরান।
বিমান হামলা থেকে নিজেদের অস্ত্রভাণ্ডার সুরক্ষিত রাখতে ইরান বহু বছর ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ স্থাপনা তৈরি করছে। এসব স্থাপনাকে দেশটি ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী বলে অভিহিত করে।
ইসরাইলের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু হয়েছে এসব স্থাপনা। গত বছরের যুদ্ধে ইরানের পাল্টা হামলার সক্ষমতা দুর্বল করার উদ্দেশ্যে দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা, সংরক্ষণাগার এবং সংশ্লিষ্ট অবকাঠামোয় হামলা চালায় ইসরাইল।
রয়টার্সের পর্যালোচনা করা গত ফেব্রুয়ারির স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ওই সংঘাতে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো মেরামত করছে ইরান। পাশাপাশি সংবেদনশীল সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো আরও শক্তিশালী করা এবং সেগুলোর অবস্থান আড়াল করার কাজও চলছে।
