যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা এক ব্যবসায়ীর সম্পর্ক নিয়ে তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ওই নারীকে বেইজিংয়ের গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এনিয়ে সোমবার ট্রাম্প বলেন, সিলিকন ভ্যালিতে তার ঘনিষ্ঠ মিত্রদের একজন হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগে তিনি ‘বিস্মিত’ হয়েছেন। এ বিষয়ে তিনি এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন। হুয়াং তাকে জানিয়েছেন, ওই নারী যে গুপ্তচর ছিলেন, তা তিনি জানতেন না।
ট্রাম্প বলেন, ‘আমি জানি, এফবিআই বিষয়টি তদন্ত করছে। আমার মনে হয়, তিনি ভালো অবস্থানে থাকবেন।’
এদিকে সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমেছে। এর আগে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করে যে, হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কিনা।
রোববার ঘোষিত এই তদন্তের ফলে ৬৩ বছর বয়সী হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে এনভিডিয়ার গুরুত্ব এবং এআই বিপ্লবের অন্যতম প্রধান উদ্যোক্তা হিসেবে হুয়াংয়ের ভূমিকার কারণে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এনভিডিয়ার কর্মীদের কাছে হুয়াং স্বীকার করেছেন, তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন। তবে ওই সম্পর্কের বিস্তারিত কিছু জানাননি।
চামড়ার জ্যাকেট পরার জন্য পরিচিত হুয়াং বিশ্বজুড়ে অনেকটা রকস্টারের মতো জনপ্রিয়। বিশেষ করে এশিয়ায় ভক্তদের সঙ্গে তাকে প্রায়ই অবাধে মিশতে দেখা যায়। ভক্তদের সঙ্গে সেলফি তোলা এবং অটোগ্রাফ দেয়াও তার নিয়মিত কাজ।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, এনভিডিয়ায় প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ার নিয়ে হুয়াং প্রতিষ্ঠানটির পঞ্চম বৃহত্তম শেয়ারহোল্ডার। কোম্পানির ব্যবস্থাপনায় তার নিয়ন্ত্রণও অত্যন্ত শক্তিশালী। প্রতিষ্ঠানটির এমন একটি সমতল ব্যবস্থাপনা কাঠামো রয়েছে, যেখানে কয়েক ডজন শীর্ষ নির্বাহী সরাসরি হুয়াংয়ের কাছে জবাবদিহি করেন।
তবে মার্ক জাকারবার্গের মেটা প্ল্যাটফর্মস কিংবা ইলন মাস্কের স্পেসএক্সের মতো এনভিডিয়ায় দ্বৈত শ্রেণির শেয়ার নেই। ফলে সহপ্রতিষ্ঠাতা হুয়াংয়ের হাতে সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকার নেই।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে ওই নারীর সম্পর্ক এবং তিনি চীনা সরকারের কাছে তথ্য সরবরাহ করছিলেনÑএ বিষয়ে ট্রাম্পকে আগেই অবহিত করা হয়েছিল। তবে প্রেসিডেন্ট তখন কোনো পদক্ষেপ নেননি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘তথাকথিত চীনা গুপ্তচরের এই বয়ান সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, অপবাদ ও মানহানি।’
ট্রাম্পের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের সময়ে এনভিডিয়া বেশ কিছু অনুকূল নীতিগত সুবিধা পেয়েছে। প্রেসিডেন্ট হুয়াংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। গত অক্টোবরে তাকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা প্রদান করেন ট্রাম্প।
একই দিন ট্রাম্প জানান, গ্রীষ্মকালে তিনি এনভিডিয়ার সর্বোচ্চ ১৬ লাখ ডলারের শেয়ার কিনেছেন এবং সর্বোচ্চ ১০ লাখ ডলারের শেয়ার বিক্রি করেছেন।
‘এনভিডিয়া সাধারণ কোনো কোম্পানি নয়’
এনভিডিয়া জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ হুয়াংয়ের ওপর আস্থা রাখছে। ওয়াল স্ট্রিটের অনেক বিশ্লেষকের মতে, এআই খাতে বিনিয়োগের ক্ষেত্রে হুয়াং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন।
বিশ্লেষকেরা উত্তরসূরি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করলেও অধিকাংশের ধারণা, এই তদন্তের কারণে দীর্ঘদিনের সিইও হুয়াংকে পদত্যাগ করতে হবে না।
বার্নস্টেইনের বিশ্লেষক স্টেসি রাসগন বলেন, ‘এনভিডিয়া সাধারণ কোনো কোম্পানি নয় এবং জেনসেনও সাধারণ কোনো সিইও নন। তিনিই এনভিডিয়া। দীর্ঘমেয়াদি কৌশল ও দিকনির্দেশনা তিনি স্পষ্টভাবে নির্ধারণ করেন এবং কোম্পানির অধিকাংশ কার্যক্রম নিজেই নিয়ন্ত্রণ করেন।’
সোমবার এনভিডিয়ার শেয়ারহোল্ডাররা হুয়াং ও কোম্পানির বিরুদ্ধে প্রস্তাবিত শ্রেণি-অ্যাকশন মামলা করেছেন। তাদের অভিযোগ, সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক গোপন করে শেয়ারহোল্ডারদের প্রতারণা করা হয়েছে।
রয়টার্সকে আইনপ্রণেতা ও অধিকারকর্মীরা জানিয়েছেন, হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গোয়েন্দা এজেন্টের সম্পর্কের খবর সামনে আসার পর চীনের কাছে এআই চিপ বিক্রি সীমিত করতে কংগ্রেসে আইন পাসের সম্ভাবনা বেড়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা হাকিম জেফরিস বলেন, এ বিষয়ে কংগ্রেসের আরও তথ্য প্রয়োজন। তিনি চীনের কাছে চিপ বিক্রিতে বিধিনিষেধ অন্তর্ভুক্ত থাকা বার্ষিক প্রতিরক্ষা বিলটি প্রতিনিধি পরিষদে পাস করার আহ্বান জানান।
গত মাসে নিউইয়র্ক টাইমস জানায়, হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক নারীর সম্পর্ক ছিল। ওই নারী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাকে তদন্ত করে চীনা গোয়েন্দা সংস্থার সম্পদ হিসেবে চিহ্নিত করেছিল বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
সিঙ্গাপুরে সোমবার সরকারি ছুটি থাকায় মেগাস্পিড তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। গত মাসে প্রথমবার হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় নিউইয়র্ক টাইমস তার মন্তব্য চেয়েছিল। কিন্তু তিনি কোনো জবাব দেননি। সোমবার রয়টার্সও তার অবস্থান শনাক্ত করতে পারেনি, ফলে মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
