ইরানে আবারও সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে প্রতিদিন ফোন করে চাপ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে অবগত একজনের বরাত দিয়ে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে, ‘নেতানিয়াহু তাকে (ট্রাম্পকে) প্রতিদিন ফোন করছেন, যাতে তিনি আবার যুদ্ধ শুরু করেন। হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যারা যুদ্ধ চান না, তারা এই প্রচেষ্টা ঠেকানোর চেষ্টা করছেন।’
ওই ব্যক্তি আরও বলেন, ‘আঞ্চলিক নেতারা ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনাকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানাচ্ছেন।’
ইসরাইলের পরিস্থিতি সম্পর্কে অবগত আরেক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ইরানে আবারও হামলা চান। তবে ট্রাম্পকে এ বিষয়ে রাজি করানোর জন্য ইসরাইলের পক্ষ থেকে কোনো বিশেষ চাপ প্রয়োগের উদ্যোগ নেই বলে দাবি করা হয়েছে।
এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেছেন, ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা আপাতত কম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক সমঝোতা প্রতিষ্ঠায় আঞ্চলিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে কাতার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্য দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষপাতী। অর্থাৎ ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধ এবং নতুন অভিযান ‘অপারেশন আয়রন গেট’ অব্যাহত থাকুক, তারা সেটাই চায়।’
ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিবর্তে দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ বজায় রাখতেই তিনি বেশি আগ্রহী।
তিনি লিখেছেন, ‘এই সংঘাতের অবসানের দিকে ইতিবাচক অগ্রগতি দেখতে পাচ্ছি। আমরা সর্বদা যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত রাখব।’
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে ট্রাম্পের ওপর নেতানিয়াহুর তদবিরে আরব ও মুসলিম দেশগুলোর নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
আলোচনার বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান-সবাই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বা ইসরাইল নতুন করে হামলা চালালে অসম শক্তির পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের কর্মকর্তারা। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির সামরিক নেতৃত্বও এ বিষয়ে সতর্ক করেছে।
ইরানের সম্ভাব্য পাল্টা জবাবের মধ্যে রয়েছে বিভিন্ন সামরিক ও বেসামরিক সম্পদে হামলা। বিশেষ করে হরমুজ প্রণালির মধ্য দিয়ে যাওয়া সাতটি গুরুত্বপূর্ণ সাবমেরিন ইন্টারনেট কেবল, আঞ্চলিক ডেটা সেন্টার এবং ক্লাউড অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়া হয়েছে।
এ ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যের পাশাপাশি আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগ ও ডিজিটাল অবকাঠামোও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
