অর্থনীতির চাপ সামলাতেই রাজস্ব সংস্কার: তিতুমীর

ফন্ট সাইজ:

দেশের ‘একেবারেই পর্যুদস্ত’ অর্থনীতি নিয়ে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ পরিস্থিতিতে সরকারকে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ নিয়ে যেমন চ্যালেঞ্জে পড়তে হয়েছে, তেমনই পাহাড়সম ঋণের বোঝা টানতে হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে রাজস্ব সংস্কারবিষয়ক টাস্কফোর্সের সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন উপদেষ্টা তিতুমীর।
গত ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন সময় দাতাদের কাছ থেকে নেয়া ঋণের সুদ-আসল বাবদ ৪৪৯ কোটি ৪১ লাখ ডলার পরিশোধ করেছে সরকার।

২০৩০ সাল নাগাদ এ অঙ্ক ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, একদিকে নিম্ন রাজস্ব আদায়, অন্যদিকে ঋণের বোঝা। এইরকম একটা পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর জন্য পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা সংস্কার কর্মসূচি হাতে নিয়েছি।
এবং সংস্কার কর্মসূচির লক্ষ্য হিসেবে আপনাদের জানা আছে- তিনটি টাস্কফোর্স গঠিত হয়, অর্থাৎ উইং ভিত্তিক। আয়করের জন্য একটি, শুল্কের জন্য অন্য আরেকটি এবং মূল্য সংযোজন কর বা মূসকের জন্য আরেকটি। এবং সেখানে আমরা কিন্তু প্রণিধানযোগ্য অগ্রগতি লক্ষ্য করেছি।

বাংলাদেশের বিদেশি ঋণ অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় ১১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছেÑসেই প্রসঙ্গ টেনে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আওয়ামী লীগের সময় ঋণের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। আর ঋণের সেই বোঝা এখন বহন করতে হচ্ছে বিএনপি সরকারকে।
উপদেষ্টা তিতুমীর দাবি করেন, টাস্কফোর্স গঠনের পর প্রবৃদ্ধি ১২ দশমিক শূন্য ৩ শতাংশে উন্নীত হবে, যা দিয়ে অর্থনীতির বাড়তি চাপ সামাল দেয়া সম্ভব হবে।
অর্থ উপদেষ্টা বলেন, আমাদের নির্বাচনের আগে তৎকালীন চেয়ারম্যান উল্লেখ করেছেন যে আলাপ-আলোচনার ভিত্তিতে দেশজ প্রয়োজন অনুযায়ী রাজস্ব ব্যবস্থা সংস্কার করতে হবে। এবং সেই বিষয়ে তিনি একটি বক্তব্য উপস্থাপন করেছিলেন। তার বক্তব্যের আলোকে একটি কমিটি গঠন করা হয় এবং কমিটি সর্বস্তরের সাথে আলাপ-আলোচনা করে যেটা বাংলাদেশের সাথে দেশোপযোগী এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে যেভাবে এটা পৃথকীকরণ করা হয়েছে, সেগুলোকে আমলে নিয়ে আমরা সুপারিশ করেছি।

এবং এই সুপারিশের সঙ্গে সকল ধরনের অংশীজনের আলাপ-আলোচনা হয়েছে এবং আলাপ-আলোচনার ভিত্তিতে রাজস্ব ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ একটা বিভাগ হবে এবং আরেকটা হচ্ছে যে রাজস্ব নীতি বিভাগ হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিতুমীর বলেন, প্রতিটি পরিসংখ্যানই তো আমরা তো বলি নাই, আমরা তো লুকাই নাই। তিনি বলেন, সরকার ‘ওপেন ডেটা পলিসি’ করেছে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান দিবসে তথ্য উন্মুক্ত করার পদ্ধতি স্পষ্ট করা হয়েছে।

তাহলে ভ্যাট আদায়ের তথ্য কবে জানা যাবে, এমন প্রশ্নে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ডিসেম্বরের মধ্যেই তথ্য পাওয়া যাবে এবং তারপর থেকে নিয়মিত প্রকাশ হবে। বিলম্বের কারণ হিসেবে তিনি সরকারের আর্থিক ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস++-এর কারিগরি সীমাবদ্ধতার কথা বলেন। পরিসংখ্যান পাবেন। এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন বলে জানান উপদেষ্টা।