শেখ হাসিনার পাসপোর্ট বিষয়ে বাংলাদেশ দূতাবাসই ভালো বলতে পারবে: জয়সওয়াল

শেখ হাসিনার পাসপোর্ট বিষয়ে বাংলাদেশ দূতাবাসই ভালো বলতে পারবে: জয়সওয়াল

ফন্ট সাইজ:

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো আবেদনকে সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় বিষয় হিসেবে উল্লেখ করে ভারত জানিয়েছে, সে অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার দেশে ফেরার জন্য পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত একাধিক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জয়সওয়াল।
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন, কিন্তু বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করেছে বলে খবর এসেছে। একজন বাংলাদেশি নাগরিক নিজের দেশে ফিরে যেতে চাইলে এ ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা রয়েছে কি না? বিষয়টি নিয়ে নয়াদিল্লি ঢাকার সঙ্গে আলোচনা করবে কি না? পাশাপাশি দুই দেশের কনস্যুলার সার্ভিসবিষয়ক বৈঠকে এ ধরনের বিষয় আলোচনার সুযোগ রয়েছে কি না, তা-ও জানতে চান তিনি।

জবাবে জয়সওয়াল বলেন, ‘আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এই ইস্যুটির প্রকৃত পরিস্থিতি কী, সে বিষয়ে তারাই আপনাদের সবচেয়ে ভালোভাবে অবহিত করতে পারবে।’
শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সর্বশেষ কী আলোচনা হয়েছে, জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেয়া হবে।’
এরপর আরেক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে, বাংলাদেশের সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে, কারণ তিনি ফৌজদারি আইনে দোষী সাব্যস্ত হয়েছেন। এ বিষয়ে ভারতের সরকারের অবস্থান কী?
জবাবে জয়সওয়াল আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত প্রশ্নটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় বিষয়। বিষয়টি সে অনুযায়ীই এগিয়ে নেয়া হবে।’

ভ্রমণসংক্রান্ত নথি ছাড়া কোনো ব্যক্তিকে নিজ দেশে প্রত্যর্পণ করা সম্ভব কি না, সে বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক কি না, জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘এখন আপনি আমাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একটি কারিগরি ও আইনি প্রশ্ন করছেন। আমি আগেই বলেছি, এটি সম্পূর্ণ আইনি বিষয় এবং সে অনুযায়ীই বিষয়টি দেখা হবে। স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এটি একটি কারিগরি বিষয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে পরে আপনাদের জানাব।’
এদিনের ব্রিফিংয়ে ঢাকায় অবস্থান করে চীনা নাগরিকদের ভিডিও ধারণ এবং সেগুলোকে দিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগও ওঠে।

এ বিষয়ে জয়সওয়াল বলেন, ‘গণমাধ্যমে আমরা এ বিষয়ে প্রতিবেদন দেখেছি। যেকোনো দেশের বিষয়ে এ ধরনের বিকৃত বা বিভ্রান্তিকর ছবি ও তথ্য তুলে ধরা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিদেশি যেসব ব্যক্তি বা শক্তি ঢাকাকে দিল্লি হিসেবে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করছে, তাদের এ ধরনের মিথ্যা প্রচারণা কেবল তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন করে। একই সঙ্গে যারা এর পেছনে রয়েছে, তাদের প্রকৃত উদ্দেশ্যও সামনে চলে আসে। আমাদের জোরালো আহ্বান থাকবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।’
বিষয়টি চীনের কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আমাদের নিয়মিত আলোচনা হয়। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো তাদের সঙ্গে ভাগ করে নিই। বাংলাদেশে সম্প্রতি যেসব ভিডিও তৈরি করা হয়েছে, যেখানে ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপন করে ভারতের রাজধানীকে ভুল ও নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেয়া উচিত।’

ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও উঠে আসে। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমি আগের প্রেস ব্রিফিংয়ে কথা বলেছি। এ মুহূর্তে আমার কাছে নতুন কোনো তথ্য নেই। তাই অনুগ্রহ করে আমার আগের বক্তব্য দেখুন।’
এ ছাড়া নভেম্বর-ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, ‘উত্থাপিত এই নির্দিষ্ট বিষয়টি সম্পর্কে আমার কাছে এখন কোনো নতুন তথ্য নেই। এ বিষয়ে কোনো তথ্য থাকলে আমরা আপনাদের জানাব।’