অজিত দোভাল ও সাবেক ‘র’-প্রধানকে সমন যুক্তরাষ্ট্রের

অজিত দোভাল ও সাবেক ‘র’-প্রধানকে সমন যুক্তরাষ্ট্রের

ফন্ট সাইজ:

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা একটি দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলসহ কয়েকজনের বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক চ্যানেলে ভারতের সরকারের কাছে এসব সমন পৌঁছে দিয়েছে বলে জানা গেছে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন আদালতের নির্দেশের পর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে কূটনৈতিক চ্যানেলে সমনগুলো পাঠানো হয়েছে।
গত ২৮ অক্টোবর নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে দাখিল করা এক নথিতে পররাষ্ট্র দপ্তর সমন পৌঁছে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ৯ অক্টোবর ভারতীয় দূতাবাসে একটি কূটনৈতিক নোট পাঠায় দপ্তরটি। নোটটি ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল বলে জানা গেছে। নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) আইনি উপদেষ্টা পান্নুন নিজের ওপর কথিত হত্যাচেষ্টার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে এই দেওয়ানি মামলা করেছেন।
তার অভিযোগ, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-কে ব্যবহার করে তাকে হত্যার ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন অজিত দোভাল।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কূটনৈতিক নোট পাঠানো একটি প্রক্রিয়াগত পদক্ষেপ মাত্র। চলমান দেওয়ানি মামলার বিষয়ে এটি যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান বা মতামত প্রকাশ করে না।
অন্যদিকে, পান্নুনের মামলাকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত। হত্যার কথিত ষড়যন্ত্রের সঙ্গে দেশটির কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগও ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে নয়াদিল্লি।

মার্কিন তদন্তের পর মামলা
পান্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) তদন্তের পর এই দেওয়ানি মামলাটি করা হয়। ওই ষড়যন্ত্রে ভারতের নাগরিক নিখিল গুপ্তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাকে মাদক ও অস্ত্র চোরাকারবারি হিসেবে বর্ণনা করেছে মার্কিন কর্তৃপক্ষ।
২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ থেকে গুপ্তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, পান্নুনকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্র করেছিলেন গুপ্তা। এ কাজে ‘র’-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেয়া বিকাশ যাদবসহ অন্যদের সঙ্গে তিনি যোগাযোগ রাখছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে গুপ্তা তিনটি অভিযোগে দোষ স্বীকার করেন। এর মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে হত্যার পরিকল্পনা, অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্র। চলতি মাসের শেষ দিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ) এ ষড়যন্ত্রে বিকাশ যাদব ও নিখিল গুপ্তার সরাসরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির দাবি, হত্যাকাণ্ডটি বাস্তবায়নের জন্য গুপ্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন যাদব।
সাবেক জুনিয়র ‘র’ কর্মকর্তা বিকাশ যাদব ২০০৮ সালে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) যোগ দেন। পরে তাকে ক্যাবিনেট সচিবালয়ের মাধ্যমে ‘র’-এ অন্তর্ভুক্ত করা হয়। ২০২৪ সালের অক্টোবরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে মার্কিন বিচার বিভাগ।

বর্তমানে ভারতের একটি আদালতেও তার বিরুদ্ধে মামলা চলছে। মার্কিন তদন্তের পর কথিত হত্যাচেষ্টার বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের উত্থাপিত প্রমাণ ও অভিযোগ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে ভারত সরকার।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৯ সালে পান্নুনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। একই বছর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর আওতায় শিখস ফর জাস্টিসকে (এসএফজে) বেআইনি সংগঠন ঘোষণা করা হয়েছে।