ইসরাইলের নতুন পার্লামেন্ট মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছেন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ১২০ সদস্যের পার্লামেন্টের শপথ অনুষ্ঠানে স্থানীয় সময় বিকেল ৪টায় (গ্রিনিচ মান সময় দুপুর ২টা) ভাষণ দেবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থি জোট কিংবা আইজেনকটের বিরোধী জোট-কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
এর আগে হারজগ সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দিয়েছেন আইজেনকটকে। জোট সরকার গঠনের জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে অগ্রগতির কথা জানিয়েছে আইজেনকটের দল।
আইজেনকট জানিয়েছেন, তার রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী, তার দলের মাতান কাহানাকে পরবর্তী নেসেট স্পিকার (পার্লামেন্টের প্রধান) হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
