হুয়াংয়ের প্রেমিকা অ্যালিস কি সত্যিই চীনা গুপ্তচর? কে এই রহস্যময়ী নারী

হুয়াংয়ের প্রেমিকা অ্যালিস কি সত্যিই চীনা গুপ্তচর? কে এই রহস্যময়ী নারী

ফন্ট সাইজ:

চীনের অর্থ ও বিনিয়োগ খাতে নিজের কর্মজীবন গড়ে তুলেছিলেন অ্যালিস হুয়াং। পরে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ নিয়ে বিশ্বব্যাপী প্রতিযোগিতার এক আলোচিত চরিত্রে পরিণত হন। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
চীনা এই ব্যবসায়ী হুয়াং লে নামেও পরিচিত। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা ৩০টির বেশি প্রকাশ্য আর্থিক নথি, করপোরেট রেকর্ড ও কোম্পানির তথ্য অনুযায়ী, তিনি সাংহাইয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন।

এনভিডিয়ার (এনভিডিয়া) আনুষ্ঠানিক ক্লাউড পার্টনার তালিকায় মেগাস্পিডের নাম রয়েছে। ২০২৫ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটি আলোচনায় আসে। ওই সময় নিউইয়র্ক টাইমস জানায়, ওয়াশিংটনের রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় থাকা উন্নত এনভিডিয়া চিপ চীনা গ্রাহকদের কাছে পৌঁছাতে মেগাস্পিড সহায়তা করছে কিনা, তা নিয়ে যুক্তরাষ্ট্র তদন্ত করছে।
জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের কারণে অ্যালিস হুয়াং এখন আলোচনার কেন্দ্রে। তবে তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। গত মাসে নিউইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংকে চীনা গোয়েন্দা সংস্থার একজন সম্পদ হিসেবে চিহ্নিত করেছে।
অভিযোগ, এনভিডিয়া সিইওর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তিনি বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহ করছিলেন। তবে এই গোয়েন্দা-সম্পর্কিত অভিযোগ রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। চীনও অভিযোগটি অস্বীকার করেছে। মন্তব্য নেয়ার জন্য রয়টার্স অ্যালিস হুয়াংয়ের অবস্থান শনাক্ত করতে পারেনি।

এদিকে, বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হিসেবে এনভিডিয়া সিইওকে ব্যবহার করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করেছে। তবে পর্ষদ জানিয়েছে, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য কিংবা কোম্পানির বাণিজ্যিক গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করার কোনো কারণ নেই।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, এফবিআইও বিষয়টি তদন্ত করছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
অ্যালিস হুয়াংকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও রোববার জেনসেন হুয়াং স্বীকার করেছেন, তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।

সাংহাইয়ের অর্থ খাত থেকে এনভিডিয়ার চিপ ব্যবসায়
চীনা আর্থিক সংবাদমাধ্যম কাইশিনের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের বয়স প্রায় ৪২ বছর। চীনের তহবিল-শিল্পের নথি এবং বেসরকারি তহবিলবিষয়ক তথ্যভান্ডার সিমুওয়াংয়ের একটি প্রোফাইল অনুযায়ী, তিনি ব্যাংকিং ও বিনিয়োগ ব্যবস্থাপনায় কাজ করেছেন। তার কর্মজীবনের শুরুর দিকে টেলিভিশন সাংবাদিকতার অভিজ্ঞতাও ছিল।
মেগাস্পিডে যুক্ত হওয়ার আগে তিনি সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নামের একটি চীনা বিনিয়োগ প্রতিষ্ঠানে উচ্চপদে দায়িত্ব পালন করেন।
২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে হেক্সির আনুষ্ঠানিক উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত কয়েকটি পোস্টে তাকে প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক, নির্বাহী পরিচালক এবং বিনিয়োগ সিদ্ধান্ত কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়।
এসব পোস্টে বলা হয়েছিল, তিনি এর আগে হংকংয়ে এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগ এবং সিআইটিআইসি সিকিউরিটিজে কাজ করেছেন। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলে এইচএসবিসি ও সিআইটিআইসি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

রয়টার্সের পর্যালোচনা করা হেক্সির একটি বিজনেস কার্ডে অ্যালিস হুয়াংকে অংশীদার ও মহাব্যবস্থাপক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে সাংহাইয়ের লুজিয়াজুই আর্থিক এলাকায় প্রতিষ্ঠানের কার্যালয়ের ঠিকানা দেয়া ছিল।
ওই ঠিকানায় গিয়ে রয়টার্স দেখতে পায়, ভবনটির কার্যালয়গুলো ব্যাপক সংস্কারের মধ্যে রয়েছে। সেখানে হেক্সির কোনো সাইনবোর্ড বা কর্মী পাওয়া যায়নি। কার্ডে থাকা ফোন নম্বরে কল করেও সাড়া পাওয়া যায়নি। ইমেইল ঠিকানাটিও কাজ করছিল না।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সি৪এডিএসের পর্যালোচনা করা করপোরেট নথি অনুযায়ী, ২০২৩ সালের মার্চে অ্যালিস হুয়াং মেগাস্পিডের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন।
২০১৫ সালে ৭রোড ইন্টারন্যাশনাল নামে সিঙ্গাপুরে নিবন্ধিত প্রতিষ্ঠানটি ক্লাউড কম্পিউটিং সেবা দেয়। কোম্পানির ওয়েবসাইটে নিজেদের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচয় দিয়েছে মেগাস্পিড।

সি৪এডিএস জানিয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন অ্যালিস হুয়াং। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলে মেগাস্পিড সাড়া দেয়নি।
২০২৪ সালে তাইওয়ানের সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালিস হুয়াং ও জেনসেন হুয়াং দুজনই উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানটি ছিল কম্পিউটেক্স প্রযুক্তি প্রদর্শনী উপলক্ষে আয়োজিত একটি পার্টি।
অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তির তথ্য অনুযায়ী, তারা দুজন সেখানে ছিলেন। লিংকডইনে প্রকাশিত একটি ছবিতে তাদের পাশাপাশি বসে থাকতে দেখা যায়। এনভিডিয়ার চিপ ব্যবহার করে এআই সার্ভার তৈরি করে গিগাবাইট। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি।

ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে মেগাস্পিড। সন্দেহ করা হচ্ছে, ওয়াশিংটনের রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় থাকা উন্নত এনভিডিয়া চিপ চীনা কোম্পানিগুলোর কাছে পৌঁছাতে প্রতিষ্ঠানটি সহায়তা করেছে। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো সিদ্ধান্ত আসেনি যে মেগাস্পিড আইন লঙ্ঘন করেছে।
রয়টার্সের পর্যালোচনা করা আমদানি-রপ্তানি তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইমপোর্টজিনিয়াসের নথিতে দেখা গেছে, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠান এনভিডিয়ার বিভিন্ন হার্ডওয়্যার আমদানি করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে এইচ১০০ প্রসেসর ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ।
গিগাবাইটের সহযোগী প্রতিষ্ঠান গিগা কম্পিউটিংসহ বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে এসব পণ্য আমদানি করা হয়েছিল। এইচ১০০ এনভিডিয়ার উন্নত প্রসেসরগুলোর একটি, যা চীনে রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের আওতায় রয়েছে। তবে ইন্দোনেশিয়ায় এসব পণ্য পাঠানোর ঘটনা নিজে থেকেই মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের প্রমাণ নয়।

সি৪এডিএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ দিকে মেগাস্পিডের শেয়ার সিঙ্গাপুরভিত্তিক সুইফটডেটার কাছে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটি মেগাস্পিডের ১ কোটি সাধারণ শেয়ারের সবগুলো ধারণ করে।
সি৪এডিএস জানিয়েছে, সুইফটডেটার চূড়ান্ত নিয়ন্ত্রণ কার হাতে রয়েছে, তা তারা নির্ধারণ করতে পারেনি। তবে বিভিন্ন অনুষ্ঠানে অ্যালিস হুয়াংকে মেগাস্পিডের চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেয়ার তথ্যের ভিত্তিতে সংস্থাটি ধারণা করছে, শেয়ার হস্তান্তরের পরও প্রতিষ্ঠানটির ওপর তার প্রভাব বজায় থাকতে পারে।
অ্যালিস হুয়াং ও জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এনভিডিয়া সিইওর কাছে ব্যাখ্যা চাইছেন।
পরামর্শক প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপের অংশীদার জর্জ চেন বলেন, জেনসেন হুয়াং ওই নারীর কথিত গোয়েন্দা তৎপরতা সম্পর্কে জানতেন কিনা এবং কোনো সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে কিনাÑএসব প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ।