ইরানি বিশেষজ্ঞরা যুদ্ধক্ষেত্রের চাহিদা অনুযায়ী ক্ষেপণাস্ত্র তৈরি করছেন। এর মধ্যে ‘হরমুজ’ নামের একটি ক্ষেপণাস্ত্র রয়েছে, যা শত্রুর রাডার ব্যবস্থাকে টার্গেট করার জন্য তৈরি করা হয়েছে। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালি এ তথ্য জানান। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ইরানের বার্তা সংস্থা ফারস নিউজের তথ্য অনুযায়ী, বিলালি বলেন, এই ক্ষেপণাস্ত্রটি রাডারের নির্গমন শনাক্ত করে শত্রুর রাডার সরঞ্জামগুলোতে আঘাত হানতে সক্ষম। তিনি জানান, ইরানি বিশেষজ্ঞরা রাডার ব্যবস্থা থেকে নির্গত সংকেত ব্যবহার করে টার্গেট শনাক্ত করতে ও সেগুলোতে আঘাত হানতে পারে, এমন ক্ষেপণাস্ত্র তৈরিতে অগ্রগতি অর্জন করেছেন।
বিলালি আরও জানান, এই ধরনের প্রযুক্তির উন্নয়ন প্রমাণ করে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প বিদ্যমান অস্ত্রগুলোর কপি তৈরির পর্যায় অতিক্রম করেছে এবং এখন তারা যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে নতুন ক্ষেপণাস্ত্র নকশা ও উৎপাদন করতে সক্ষম।
