নূর হোসেন দিবস আজ

নূর হোসেন দিবস আজ

ফন্ট সাইজ:

আজ ১০ই নভেম্বর। নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে যুবলীগ নেতা নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে আরও বেগবান করে। ১৯৮৭ সালের ১০ই নভেম্বর ১৫ দল, ৭ দল ও ৫ দলের সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি ছিল। সেই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলোর সমর্থনে অবস্থান ধর্মঘট ঘেরাও কর্মসূচির রূপ লাভ করে।

স্বৈরশাসকের সকল বাধাকে উপেক্ষা করে ১০ই নভেম্বর সকাল থেকেই সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিল আসতে শুরু করে। তখন তোপখানা রোডের মুখে পুলিশ বক্স পেরিয়ে শুরু হয় নূর হোসেনদের সাহসী মিছিল, সাহসী যুবক উদাম গায়ে লিখেছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক’। সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গে পুলিশ বেধড়ক লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পল্টন তখন রণক্ষেত্র। সেখানে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। তার এই আত্মত্যাগের ধারায় ১৯৯০ সালের ৪ঠা ডিসেম্বর স্বৈরশাসনের অবসান ঘটে।