জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস মনে করে, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা এবং গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও এর চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা জনস্বাস্থ্য সুরক্ষা, তামাক নিয়ন্ত্রণ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে। তামাকের ধোঁয়া শুধু ধূমপায়ীদের নয়, অধূমপায়ীদের জন্যও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, দর্শনার্থীসহ সংসদ চত্বরে আগত সকলকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস মনে করে, জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণার পাশাপাশি সেখানে ধূমপান এবং সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে যথাযথ নজরদারি, সচেতনতামূলক কার্যক্রম এবং বিদ্যমান আইন ও বিধিবিধানের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দেশের সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, আদালত এবং অন্যান্য জনসমাগমস্থলে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় সংসদের এই উদ্যোগ অনুকরণীয় ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস আশা করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত এই উদ্যোগ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সংসদ জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। এই বিবৃতিতে স্বাক্ষর করেন ইকবাল মাসুদ, সৈয়দ মাহবুবুল আলম, আমিনুল ইসলাম সুজন, সুসান্ত সিনহা, সৈয়দা অনন্যা রহমান, ফারহানা জামান লিজা, আবু রায়হান, ইব্রাহিম খলিল, সামিউল হাসান সজীব প্রমুখ।
