জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ ডাচেস অব এডিনবরা সোফি। গতকাল রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপি’র মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানায়, সাক্ষাতের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। ডাচেস অব এডিনবরা তিনদিনের সফরে গতকাল ঢাকায় পৌঁছান। তিনি ১১ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন। সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব সম্পর্ক ও সহযোগিতার বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি। এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে তার। গতকাল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রম দেখতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন করেন এডেনবরা। সেখানে নারী শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ডা. জুবাইদা রহমান বাংলাদেশে ডাচেসকে উষ্ণ অভ্যর্থনা জানান। নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা এবং শিশু-কিশোর ও তরুণদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করার জন্য তিনি ডাচেসের প্রশংসা করেন। এ ছাড়া চোখের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে তার ধারাবাহিক ভূমিকারও স্বীকৃতি দেন। সাক্ষাৎকালে তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তরুণদের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

জুবাইদা রহমান একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরেন। এ ছাড়া পরিবার ও জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের নেয়া বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরেন। জুবাইদা রহমান সমাজকল্যাণ ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সুরভীর দীর্ঘদিনের কাজ ও অবদান সম্পর্কে ডাচেসকে অবহিত করেন। নারীদের অর্থনৈতিক স্বাধীনতা, স্বনির্ভরতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রে রাখার বিষয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগগুলো ব্যাখ্যা করেন তিনি।