ঈদ আসার আগেই ঈদের আনন্দ মলিন হয়ে গেছে উত্তরের আলু ও তামাক চাষিদের। একে তো নেই আলুর দাম, তার ওপর হঠাৎ বৃষ্টিতে সব শেষ হয়ে গেল কৃষকদের। এবারের ঈদের আনন্দ হয়তো কৃষকরা স্পর্শ করতে পারবে না। রংপুর জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, দু’দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে আলুক্ষেত। এতে করে আলু নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অনেক চাষি সেচ দিয়ে আলু তোলার চেষ্টা করেছে। আলু দাম না থাকায় অনেক চাষির আলু ক্ষেতেই পচছে। কৃষকরা জানান, সার, বীজ, কীটনাশকের ঊর্ধ্বগতির বাজারে লাভের আশায় আলু আবাদ করেছিলেন কৃষকরা। চলতি আলুর মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে ১২ থেকে ১৫ টাকা করে খরচ হয়েছে। কিন্তু উত্তোলন মৌসুমে সেই আলু ৫ থেকে ৬ টাকা কেজিতে পৌঁছেছে। অনেকে আলুচাষি দামের লক্ষ্যে হিমাগারে আলু রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বৃষ্টি আলু চাষিদের সেই আশা ভেস্তে দিয়েছে। রংপুর নগরীর বাহার কাছনার কৃষক জাহাঙ্গীর ইসলাম বলেন, এ বছর আলু আবাদ করতে কেজিপ্রতি ১২ থেকে ১৫ টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমানে আলুর দাম ৫ থেকে ৬ টাকা কেজি। এর উপর গত দু’দিনের বৃষ্টিতে আলুর ক্ষেতে পানি উঠেছে। এখন এসব আলু বাড়িতে কিংবা হিমাগারে সংরক্ষণ করা সম্ভব হবে না। দ্রুত আলুগুলো পচে যাবে। তাই লস করেই বিক্রি করে দিতে হবে। পীরগাছা উপজেলার বড়দরগার মাহুবার ইসলাম বলেন, আমার ক্ষেত নিচু থাকায় অত্যধিক পানি জমে গেছে। এখন সেই পানি নিষ্কাশনের জন্য সেচ দিচ্ছি। একে তো আলুর দাম নেই। এর উপর সেচ খরচের কারণে আলুর পুরোটাই লোকসান হলো। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, বৃহস্পতিবার রংপুরে ৪৪ মিলিমিটার ও শুক্রবার ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে টানা বৃষ্টি নয়, এ সময় কখনো রোদ, কখনো মেঘ, আবার মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৩ হাজার ৫০ হেক্টর জমিতে। তবে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আলু আবাদ হয়েছে ৫৪ হাজার ৫শ’ হেক্টর জমিতে। বর্তমানে আলু উত্তোলনের মৌসুম চলছে। এ পর্যন্ত ৫৩ শতাংশ আলু ক্ষেত থেকে উত্তোলন করেছে কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম বলেন, আলু ক্ষেতে যে পরিমাণ বৃষ্টির পানি জমেছে, তা এমনিতেই নেমে যাবে। এতে আলুর খুব একটা সমস্যা হবে না। আকাশের অবস্থা ভালো হলে কৃষকরা আবারো আলু তোলা শুরু করবেন। তবে বৃষ্টি কয়েকদিন ধরে চলতে থাকলে আলুর ক্ষতি হতে পারে।
হঠাৎ বৃষ্টিতে ঈদের আনন্দ মলিন উত্তরের কৃষকদের
জাভেদ ইকবাল, রংপুর থেকে
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
