গাজীপুরের শ্রীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহের তিনটি অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল থেকেই নাজমুল হাসানের বাড়ির পাশের একটি ডোবা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধও বাড়তে থাকে। পরে বাড়ির ভাড়াটিয়ারা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে টিউবওয়েলের পানি নিষ্কাশনের জন্য তৈরি গর্তে (ডোবা) ভাসমান মানবদেহের খণ্ড দেখতে পান। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি থানায় খবর দেন।
বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তার বাড়ির প্রতিটি কক্ষ আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া রয়েছে। রান্না ও দৈনন্দিন ব্যবহারের পানি নিষ্কাশনের জন্য প্রায় আট-দশ বছর আগে বাড়ির পাশে একটি ছোট গর্ত (ডোবা) তৈরি করা হয়। সম্প্রতি সেখানে কচুরিপানা জমে ভরাট হয়ে যায়। দুপুরে ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে ওই ডোবায় খণ্ডিত মানবদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহের তিনটি খণ্ড উদ্ধার করে। আশপাশে অসংখ্য শিল্পকারখানা গড়ে ওঠায় চন্নাপাড়া এলাকা এখন ঘনবসতিপূর্ণ। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে অন্য কোথাও হত্যা করে রাতের আঁধারে এখানে এনে মরদেহ ফেলে যেতে পারে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শ্রীপুরে ডোবা থেকে মরদেহের ৩ টুকরো উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
