গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়ির ভেতরে পুলিশ কর্মকর্তাদের টাকা দিয়ে জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্তে গঠন করা হয়েছে এক সদস্যের কমিটি। ?গত দু’দিন ধরে ফেসবুকে ঘুরছে ভিডিওটি। ২ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ফাঁড়ির ভেতরে একটি লম্বা টেবিলের চারপাশ ঘিরে বসে ৫-৬ জন ব্যক্তি জুয়া খেলছেন। তাদের মধ্যে কেউ পুলিশের পোশাকে, আবার কেউ টি-শার্ট ও গেঞ্জি পরিহিত অবস্থায় ছিলেন। প্রত্যেকের সামনে মানিব্যাগ এবং টেবিলের ওপর ১০, ২০, ৫০০ ও ১ হাজার টাকার অসংখ্য নোট ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তারা একে-অপরের সঙ্গে তাসের পয়েন্ট নিয়ে কথা বলছেন এবং বাজি ধরছেন। ভিডিওটির একপর্যায়ে একজনকে পুলিশের পোশাকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
এ বিষয়ে পুলিশ সুপার জসিম উদ্দীন মুঠোফোনে জানান, পুলিশ ফাঁড়ির ভেতরে এমন আচরণ স্পষ্টত অপরাধ। ভিডিওটি আমাদের নজরে আসার পর প্রাথমিক তদন্তে যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের সবাইকে তাৎক্ষণিকভাবে ফাঁড়ি থেকে সরিয়ে পুলিশ লাইন্সে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখার জন্য গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে আহ্বায়ক করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাইবান্ধায় পুলিশ ফাঁড়িতে জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্তে কমিটি
গাইবান্ধা প্রতিনিধি
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
