যশোরে লোন ও চাকরির প্রলোভনে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে লোন ও চাকরির প্রলোভনে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফন্ট সাইজ:

যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার কয়েকজন ভুক্তভোগী লোন ও চাকরি দেয়ার প্রলোভনে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। শুক্রবার যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন মো. আব্দুস সোবাহান।
ভুক্তভোগীরা জানান, যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের মুনসুর আলীর মেয়ে মাহমুদা জামান (ওরফে মাহমুদা) বর্তমানে ঢাকার লালবাগ থানার চকবাজার এলাকার দ্বিগুবাগ লেনে বসবাস করেন। তিনি নিজেকে কখনো ব্যাংক কর্মকর্তা, কখনো এনজিও’র উচ্চপদস্থ কর্মকর্তা এবং কখনো সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় স্বল্প সুদে ঋণ পাইয়ে দেয়া ও চাকরি দেয়ার আশ্বাস দেন। এভাবে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং স্বাক্ষর করা একাধিক ব্ল্যাঙ্ক চেক গ্রহণ করেন। তাদের দাবি- যশোরের ইন্নাতুল হাসান, শান্তনা, নুপুর, শাহিনা, ইমরান, সোবহান, আল-আমিন, দিতি, সুকুর আলী, সুখজানসহ আরও অনেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন মাহমুদা। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ইন্নাতুল হাসানের কাছ থেকে বাড়ি নির্মাণের জন্য বড় অঙ্কের লোন ও চাকরি দেয়ার কথা বলে নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা এবং তিনটি স্বাক্ষরিত ব্যাংক চেক নেয়। যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাবু গাজীর স্ত্রী দীপু খাতুনের কাছ থেকে একটি এনজিওতে উচ্চ পদে চাকরি দেয়ার কথা বলে দুই দফায় ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা নেয়। সদর উপজেলার চাঁদপাড়া এলাকার শুকুর আলীর কাছ থেকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেয়ার কথা বলে ৬ লাখ টাকা ও তিনটি ব্ল্যাঙ্ক চেক নেয়। এ ছাড়া, বাউলিয়া গ্রামের ইমরান হোসেনের কাছ থেকে ঢাকার ডায়মন্ড লাইফ নামে একটি এনজিওতে চাকরি দেয়ার কথা বলে সাড়ে ৪ লাখ টাকা নেয়। মোকসেদ শেখের ছেলে সোহান হোসেনের কাছ থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেয়ার কথা বলে ৫ লাখ টাকা ও তিনটি ব্ল্যাঙ্ক চেক, পূর্ব বারান্দী পাড়ার মৃত মুজাহিদ মুন্সীর ছেলে রমজানের কাছ থেকে ২ লাখ টাকা ও তিনটি ব্ল্যাঙ্ক চেক নেয়। এ ছাড়া, হাফিজুর রহমানের ছেলে আল আমিন হোসেনের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ও তিনটি ব্ল্যাঙ্ক চেক, ঝুমঝুমপুর এলাকার সাইদুর রহমান রিপনের কাছ থেকে ২ লাখ টাকা ও তিনটি ব্ল্যাঙ্ক চেক, হামিদপুর এলাকার হাবিবুর রহমানের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ও তিনটি ব্ল্যাঙ্ক চেক নেয়ার অভিযোগ করা হয়। ভুক্তভোগী তানজিনা রহমান অভিযোগ করেন, একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা ঋণ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গত বছরের ২৮শে জুন তার কাছ থেকে নগদ ৭ লাখ ৬০ হাজার টাকা এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চারটি স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক গ্রহণ করেন মাহমুদা জামান। ভুক্তভোগীরা বলেন, তারা অধিকাংশই গরিব পরিবারের সদস্য। আত্মীয়স্বজন ও বিভিন্ন জায়গা থেকে ঋণ করে এই টাকা দিয়েছেন। এখন প্রতারিত হয়ে তারা দিশাহারা হয়ে পড়েছেন। দ্রুত তাদের টাকা ও স্বাক্ষরিত চেক ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন- ইন্নাতুল হাসান, তানজিনা রহমান, শান্তনা, নুপুর, শাহিনা, মিরাজ হোসেন ইমরান, সোবহান, আল-আমিন, দিতি, সুকুর আলী ও সুখজানসহ অন্যান্য ভুক্তভোগীরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন