ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষ ৪৯ জন আহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে উপজেলার পৌর মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মরিচবাজারের সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অনন্ত ৪৯ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তার একটি পা কেটে তাকে উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
