আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে। ইতিবাচক রাজনীতি, যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক অবদানের মধ্যদিয়েই নেতৃত্বে আসতে হয়। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা মশিউর রহমান ফাউন্ডেশন আয়োজিত সাবেক হুইপ ও বিএনপি’র প্রবীণ নেতা মরহুম মশিউর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দলের জন্য কে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, নেতৃত্ব নির্বাচনে সেটিই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়। আইনমন্ত্রী বলেন, রাজনীতি একটা গতিশীল জায়গা। রাজনীতিতে ভুল করলে সে ভুলের মাশুল অনুসারীদের দিতে হয়। এটাই হলো বাস্তবতা। আপনারা যারা আগামী দিনে রাজনীতি করতে চাইছেন, নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখছেন, তারা নিজেদের সেভাবে প্রস্তুত করুন। এমপি সবাই হয় না, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী অন্য রকম। রাজনীতিতে আজকে কেউ আপনার পারমানেন্ট বন্ধু হতে পারে, আবার কাল সে পারমানেন্ট শত্রুও হয়ে যেতে পারে।
মশিউর রহমানের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, তার মতো নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্বের অভাব আজ অনুভূত হচ্ছে। তিনি ঝিনাইদহে এমন একটি রাজনৈতিক ভিত্তি তৈরি করে গেছেন, যার প্রভাব জেলার গণ্ডি পেরিয়ে খুলনা বিভাগে বিস্তৃত হয়েছিল। জাতীয় পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রেখেছেন। ঝিনাইদহের রাজনীতিতে তার অবদান ও নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অনুপস্থিতিতে গত নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে তিনটি আসন পুনরুদ্ধার করতে না পারার বিষয়টি আমাদের জন্য বেদনাদায়ক। তিনি বেঁচে থাকলে জেলার রাজনৈতিক পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। মৌলবাদ মোকাবিলা ও মাদকবিরোধী সংগ্রামসহ বিভিন্ন ক্ষেত্রে মশিউর রহমানের অবদান ছিল উল্লেখযোগ্য।
স্মরণসভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল আলিম। অনুষ্ঠানে বক্তব্য দেন— ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সংস্কৃতিবিষয়ক সহ-সম্পাদক মনির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্যে মশিউর রহমানকে স্মরণ করেন।
প্রসঙ্গত, বিএনপি’র চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মশিউর রহমান ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২২ সালের ১লা নভেম্বর ইন্তেকাল করেন তিনি।
