গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৬৬ জনে দাঁড়ালো। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে তিনজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১০৭৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনা বিভাগে ২৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২২৪ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।
