ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিয়ে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই।
আজ সোমবার বেলা তিনটার দিকে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা বলেন আসিফ নজরুল।
শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বিষয়ে চিঠি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে বাংলাদেশে এসে বিচার ফেস (মুখোমুখি হওয়া) করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে। পাসপোর্ট চেয়ে সেই পথই শেখ হাসিনা সহজ করে দিয়েছেন।
তিনি আরও লিখেছেন, বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি (শেখ হাসিনা) দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে এই অজুহাতে তাকে ফেরত না দেয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে।
আসিফ নজরুল লিখেছেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।
