জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ ডাচেস অব এডিনবরা সোফি। সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, সাক্ষাতের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক।

ডাচেস অব এডিনবরা তিন দিনের সফরে গতকাল ঢাকায় পৌঁছান। তিনি ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।

সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব সম্পর্ক ও সহযোগিতার বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে তার।