ভিয়েতনামের দানাং সিটিতে অনুষ্ঠিত প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইয়ুথ উইথ ডিজ্যাবিলিটিজ ২০২৬’-এ সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। প্রতিযোগিতায় ‘বেস্ট চ্যাপরন’ ও ‘ই-কনটেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ‘ই-কম্বিনেশন’ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগীরা।
২৬ থেকে ৩০শে অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের নয়টি দেশের প্রায় ৭০০ প্রতিবন্ধী তরুণ-তরুণী অংশ নেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সিএসআইডির যৌথ উদ্যোগে চার সদস্যের বাংলাদেশ দল এতে অংশ নেয়।
বাংলাদেশ দলের চার প্রতিযোগী হলেন মো. শাকিল মিয়া, শেখ ইয়ামিন আহসান, উম্মে হাবিবা বিন্তি ও আরিয়ান ইসলাম। তাদের মধ্যে শাকিল মিয়া দৃষ্টিপ্রতিবন্ধী, ইয়ামিন আহসান শারীরিক প্রতিবন্ধী, উম্মে হাবিবা বিন্তি বাক ও শ্রবণপ্রতিবন্ধী এবং আরিয়ান ইসলাম নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা ক্যাটাগরিতে অংশ নেন।
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. মাহবুব করিম এবং সিএসআইডির পরিচালক ইফতেখার আহমেদ।
দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় এবং এলজির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনে আরও যুক্ত ছিল জিআইটিসি অর্গানাইজিং কমিটি, এলজি ইলেকট্রনিকস, আরআই কোরিয়া, ডব্লিউটিএল ভিয়েতনাম ও ডুয়ি তান ইউনিভার্সিটি। এতে পৃষ্ঠপোষকতা করে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমিউনিটি চেস্ট কোরিয়া।
