বিদেশি গোয়েন্দাদের লক্ষ্যবস্তু হয়েছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এক চীনা নারী গুপ্তচরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকার খবর সামনে এসেছে। এই ঘটনার পর এনভিডিয়া একটি স্বাধীন তদন্ত শুরু করার কথা জানিয়েছে। ওই নারী বেইজিংয়ের কাছে গোপন তথ্য পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
গত অক্টোবরে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, ডনাল্ড ট্রাম্পকে গত বছর গোয়েন্দারা জানিয়েছিলেন, হুয়াংয়ের সাথে এক চীনা নারী ব্যবসায়ীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রোববার সাংবাদিকদের সাথে কথা বলার সময়, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রেসিডেন্টের একজন প্রভাবশালী উপদেষ্টা হুয়াং সম্পর্কে এই তথ্যগুলোকে তেমন গুরুত্ব দেননি ট্রাম্প। তিনি জানান, তিনি হুয়াংকে একজন সম্মানীয় ব্যক্তি বলে মনে করেন এবং সম্ভবত এর পেছনে তার কোনো ব্যাখ্যা আছে। ট্রাম্পকে যখন গোয়েন্দা তথ্য পাওয়ার পর ব্যবস্থা না নেয়ার বিষয়ে কোনো অনুশোচনা আছে কি না সে বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি সেটি এড়িয়ে যান। তিনি ইঙ্গিত দেন, আগামী সপ্তাহে এশিয়া সফরে হুয়াংকে তার সাথে নিয়ে যেতে পারলে তিনি খুশি হবেন। ট্রাম্প জানান, তিনি শুনেননি যে হুয়াং কোনো ভুল করেছেন। তিনি কারও সাথে লেনদেন করেছেন, যা সবাই করে থাকে।
তবে রিপাবলিকান আইনপ্রণেতারা এ বিষয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন। তারা হুয়াংকে আগামী সপ্তাহে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক এবং গোয়েন্দা কমিটির কাছে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানান। সেখানে এনভিডিয়ার বিদেশি শত্রুর গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে নিরাপত্তা প্রোটোকল এবং সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড নামের একটি ডেটাসেন্টার কোম্পানির নির্বাহী অ্যালিস হুয়াং বা হুয়াং লে-এর সাথে তার সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হবে। তবে এনভিডিয়ার সিইওর সাথে ওই নারীর কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। এর আগে অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনে এনভিডিয়ার চিপ পাচারের সন্দেহ করা হয়েছিল, যার ফলে মার্কিন কর্মকর্তারা তার ওপর নজরদারি শুরু করেছিলেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, ওই কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, তিনি বেইজিংয়ে বাণিজ্যিক তথ্য পাচার করে চীনা গোয়েন্দা সম্পদ হিসেবে কাজ করছিলেন।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ রোববার এক বিবৃতিতে জানায়, মার্কিন জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার গোপন তথ্য ফাঁস হয়েছে এমনটা মনে করার কোনো কারণ নেই, তবে তাদের তদন্তে পাওয়া সব তথ্য খতিয়ে দেখা হবে। কোম্পানিটি জানায়, বোর্ড মার্কিন জাতীয় এবং অর্থনৈতিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। জেনসেন এবং তার নেতৃত্ব দলের ওপর বোর্ডের আস্থা রয়েছে বলেও তারা উল্লেখ করে। এতে আরও বলা হয়, হুয়াং এই পর্যালোচনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং এতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। অ্যাক্সিওস রোববার কর্মীদের কাছে পাঠানো হুয়াংয়ের একটি খসড়া ইমেলের বরাত দিয়ে জানায়, হুয়াং সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সাথে রোমান্টিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন এবং তার কাজের সম্পূর্ণ দায়ভার নিয়েছেন।
ওই খসড়া ইমেলে হুয়াং জানান, তিনি তার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন এবং তার কাজ তার স্ত্রী ও সন্তানদের কষ্ট দিয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধে এনভিডিয়া তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
দ্য টাইমস রোববার জানায়, গত বসন্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর লেখা একটি মেমো ট্রাম্প প্রশাসনের শীর্ষ নীতিনির্ধারকদের মধ্যে প্রচারিত হয়েছিল। সেখানে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয় যে, এনভিডিয়ার প্রধান নির্বাহীর সাথে সম্পর্কযুক্ত ওই নারী ব্যবসায়ী চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন গুপ্তচর ছিলেন। এসব উদ্বেগ সত্ত্বেও, মে মাসে যখন ট্রাম্প চীন সফর করেন, তখন হুয়াংকে তার প্রতিনিধিদলে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেপ্টেম্বরে শি জিনপিংয়ের জন্য আয়োজিত হোয়াইট হাউসের এক রাষ্ট্রীয় নৈশভোজেও হুয়াং এবং তার স্ত্রী লরি হুয়াংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এনভিডিয়ার শক্তিশালী চিপগুলো এআই শিল্পের উত্থানের ভিত্তি হিসেবে কাজ করছে, যা জেনসেন হুয়াংকে এই খাতের অন্যতম প্রভাবশালী নেতৃত্বের অবস্থানে নিয়ে গেছে। এই অবস্থানে থেকে তিনি ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলেছেন। তবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়া হয়েছে, যার ফলে কোম্পানিটি চীনে তাদের শীর্ষ-স্তরের প্রসেসর বিক্রি করতে পারছে না। মার্কিন কর্মকর্তারা এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা হিসেবে মার্কিন সরবরাহ শৃঙ্খলে হুমকি এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও মার্কিন ডেটা এবং মেধা সম্পদ চুরির জন্য চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার কারণে চীনে উন্নত এআই চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। সন্দেহ করা হয়েছিল যে মেগাস্পিডের অ্যালিস হুয়াং চীনা সরকারকে এই বিধিনিষেধগুলো এড়িয়ে যেতে সাহায্য করেন। এআই প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশেষ করে এনভিডিয়ার জন্য ওয়াল স্ট্রিটে কয়েকদিন ধরে চলা খারাপ অবস্থার মধ্যেই এই তদন্ত শুরু হলো। চলতি মাসের শুরুতে শুরু হওয়া প্রযুক্তি শেয়ারের ব্যাপক বিক্রি এবং হতাশাজনক আয়ের কারণে এক সপ্তাহের মধ্যে নাসডাক এক্সচেঞ্জ থেকে প্রায় ১ ট্রিলিয়ন ডলার বা ১ কোটি ২৩ লাখ ৯৮ হাজার কোটি টাকা মূল্য কমে যায় এবং এক মাসে প্রায় ২ ট্রিলিয়ন ডলার বা ২ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার কোটি টাকা কমে যায়। এনভিডিয়ার শেয়ারের মূল্য ৩.১ শতাংশ কমেছে, যার বাজারমূল্য আগে ছিল প্রায় ৫ ট্রিলিয়ন ডলার বা ৬ কোটি ১৯ লাখ ৯০ হাজার কোটি টাকা।
