শুভেন্দুর বিতর্কিত মন্তব্য

বাংলাদেশিরা ওত পেতে বসে আছে ভারতে ঢোকার জন্য

ফন্ট সাইজ:

তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরু থেকেই বার বার কঠোর মনোভাব দেখিয়ে আসছেন। ক্ষমতায় এসেই তিনি ঘোষণা করেছেন, বাংলাদেশিদের চিহ্নিত করে বিতারণ করবেন। তবে রোববার ভারত -বাংলাদেশ সীমান্তে বিএসএফের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে গিয়ে অনুপ্রবেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। ইছামতিতে বিএসএফের স্পিডবোটে চেপে বেশ খানিকটা এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন, ‘‘বাংলাদেশিরা ওত পেতে আছে। ফাঁকা পেলেই ভারতে হু-হু করে ঢুকে পড়বে।’’ সেই সঙ্গে শুভেন্দু স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীর জায়গা নেই ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দেখানো পথে’ উৎসবের দিনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কাটিয়েছেন মুখ্যমন্ত্রী। রোববার হিঙ্গলগঞ্জে বিএস ফের ক্যাম্পে গিয়ে জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিয়েছেন। ঘোষণা করেছেন, সীমান্ত রক্ষীদের ভালো কাজের জন্য আগামী বছর থেকে দেওয়া হবে ‘সীমা মিত্র সম্মান’ ।
সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, উৎসবেও তারা বাড়িঘর ছেড়ে ডিউটি করেন। যাতে আমি-আপনি, সকল সাধারণ মানুষ সুরক্ষিত থাকেন। তাদের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে যাওয়াটা তার দায়িত্বের মধ্যে পড়ে।
ইছামতির তীরে ফেন্সিং নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর। বিএসএফের স্পিডবোটে চাপার অভিজ্ঞতা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন, ‘‘স্পিডবোটে উঠেছিলাম। সেখান থেকে বাইনোকুলার দিয়ে দেখেছি, বাংলাদেশে সবাই ওত পেতে বসে আছে। ফাঁকা পেলেই হু-হু করে আমাদের ভারতে চলে আসবে।’’ মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘‘একটা অনুপ্রবেশকারীও রাখব না আমাদের রাজ্যে। সবকটাকে ধরে ওই দেশে পাঠিয়ে দেব। খুঁজে খুঁজে বের করব সব অনুপ্রবেশকারীকে। ১৫ কিলোমিটার ধরে তল্লাশি চলছে।’’