মা-বাবার সঙ্গে নদীতে নেমে নিখোঁজ, দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুইদিন পর ইহান (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বরগুনা সদর উপজেলার নলটোনা এলাকার বিষখালী নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ইহান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার মো. নজির হোসেনের ছেলে। এর আগে গত শুক্রবার (৬ই নভেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার বড়ইতলা এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়ে বিষখালী নদীতে গোসল করতে নামে ইহান। এ সময় নদীর তীব্র স্রোতে ডুবে নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে একটি বিশেষ ডুবুরি দল এলেও সেদিন সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ইহানের চাচা মো. সগির হোসেন বলেন, শুক্রবার দুপুর থেকে ফায়ার সার্ভিস, পুলিশসহ আমরা খোঁজাখুঁজি করি কিন্তু পাওয়া যায়নি। সকালে নলটোনা থেকে খবর আসে শিশুর মরদেহ ভাসতে দেখা যাচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে ইহানের মরদেহ শনাক্ত করি। বরগুনা সদর থানার ওসি আবু শাহাদৎ হাসনাইন পারভেজ জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।