সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছৈয়দাবাদ এলাকার মৃত আবুল খাইরের ছেলে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়ার উত্তর হারবাং গয়ালমারা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।